logo
Advertisement

২৪ ঘণ্টায় কেন্দ্রীয় কারাগারের ৪ কয়েদি ও বন্দির মৃত্যু

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
২৪ ঘণ্টায় কেন্দ্রীয় কারাগারের ৪ কয়েদি ও বন্দির মৃত্যু
কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার। ছবি : কারা অধিদপ্তর

ঢাকা (কেরানীগঞ্জ) কেন্দ্রীয় কারাগারে বন্দি আজহারুল ইসলাম মিলন (৫১) নামে এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির অসুস্থ অবস্থায় মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কারারক্ষীরা অচেতন অবস্থায় তাকে ঢামেকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

গত ২৪ ঘণ্টার মধ্যে এ পর্যন্ত দুই বন্দি ও দুই কয়েদি মোট চারজনের অসুস্থ অবস্থায় মৃত্যু হয়েছে। এ ছাড়া অন্য একজন অসুস্থ হলে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা বন্দি আজহারুল ইসলাম মিলনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কারারক্ষীরা জানান, আজহারুল ইসলাম মিলনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায়। বাবার নাম সায়েম উদ্দিন। তিনি পাকুন্দিয়া থানার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।

এদিকে এর আগে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়া এক বন্দি ও দুই কয়েদির ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে।

তারা হলেন—চাঁদপুরের কচুয়া উপজেলার সেকান্দার আলীর ছেলে বন্দি আবুল বাশার (৫৪), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দুদু মিয়ার ছেলে কয়েদি আব্দুল কাইয়ুম (৬২) এবং খুলনার দৌলতপুর থানার পাবলা গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে কয়েদি মোহাম্মদ শাহাদত হোসেন লিটন (৪৮)।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে কারাগারে তারা অসুস্থ হয়ে পড়েন। পরে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। অপরজনকে ভর্তি করেন।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়েন বন্দি আবুল বাশার ও কয়েদি আব্দুল কাইয়ুম। পরে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অসুস্থ অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

কারারক্ষী শহীদ ও হেমায়েত হোসেন জানান, সকালে কারাগারের দুটি স্থানে আবুল বাশার ও আব্দুল কাইয়ুম হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাদের ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ দুইটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে এবং ময়নাতদন্তসহ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে গত ২৮ আগস্ট কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হলে মোহাম্মদ শাহাদত হোসেন লিটন অসুস্থ হলে ঢাকা মেডিকেলে নিলে তাকে ৫০২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়। রোববার সকাল ৯টার দিকে ৫০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লিটনকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী আমিনুল ইসলাম জানান, ২৮ আগস্ট শাহাদাত হোসেন লিটন কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন। এরপর কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মেডিসিন বিভাগে ভর্তি দেন। চিকিৎসাধীন অবস্থায় তার সকালে মৃত্যু হয়।