logo

যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যান থেকে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যান থেকে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার সাইফুল ইসলাম। ছবি: ডিএনসি

রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যান থেকে ৫০ কেজি গাঁজাসহ সাইফুল ইসলাম (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ টাকা।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আজ (শনিবার) গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন রোজেস হোটেলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালায়। এ সময় ভ্যানটি থেকে ৫০ কেজি গাঁজা, একটি কাভার্ড ভ্যান ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তার সাইফুল ইসলামের কাছ থেকে কালো পলিথিনে মোড়ানো ১৪টি প্যাকেটে গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা কাভার্ড ভ্যানটির নম্বর ঢাকা মেট্রো-ন-১১-৮৮৭৫।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তার সাইফুল ইসলাম কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে কাভার্ড ভ্যানে করে গাঁজার চালানটি নিয়ে ঢাকায় আসছিলেন। রাজধানীর বিভিন্ন মাদক স্পটে সরবরাহের উদ্দেশ্যে এসব গাঁজা আনা হচ্ছিল।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সংশ্লিষ্ট সারণির ১৯(গ) ও ২৬(১) অনুযায়ী যাত্রাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।