রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অপরাধে ব্যবহৃত বিভিন্ন আলামত। পৃথক এসব অভিযানে মোট ৪৮টি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে ডিএমপি।
বুধবার (২৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনভর রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় এসব সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপির প্রদত্ত তথ্যানুযায়ী, অপরাধের ধরণ ও বিভিন্ন থানা এলাকার অভিযান শেষে রমনা বিভাগ থেকে ১৯ জন, লালবাগ বিভাগ থেকে ৭১ জন, ওয়ারী বিভাগ থেকে ৯০ জন এবং মতিঝিল বিভাগ থেকে ৮৯ জনকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া তেজগাঁও বিভাগে ৬৮ জন, মিরপুর বিভাগে ১৫৯ জন, গুলশান বিভাগে ৪২ জন, উত্তরা বিভাগে ৩৯ জন এবং গোয়েন্দা (ডিবি) পুলিশ কর্তৃক ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে ৯ হাজার ৩৬০ পিস ইয়াবা, ৫০ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ২০ বোতল ফেনসিডিল, ৯টি মোবাইল ফোন, ১টি মোটরসাইকেল, ১টি চাকু, ৬১.৮০ গ্রাম স্বর্ণালংকার ও নগদ ৭ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। একই সাথে অভিযান পরিচালনা করে একজন ভিকটিমকেও উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরণের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।


