logo

কণ্ঠ নকল করে প্রতারণা, চক্রের হোতাসহ আটক ২

কণ্ঠ নকল করে প্রতারণা, চক্রের হোতাসহ আটক ২
মো. ফয়সাল আহমেদ ও মো. আল-আমিন। ছবি: এসআরবি সৌজন্যে

ভুক্তভোগীর কণ্ঠ নকল করে পরিবারের কাছ থেকে টাকা আত্মসাৎকারী অনলাইন প্রতারক চক্রের মূল হোতা মো. ফয়সাল আহমেদকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তার সহযোগী মো. আল-আমিনকেও ডেমরা এলাকা থেকে আটক করা হয়।

রোববার (৮ নভেম্বর) এসআরবি-৩ এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি জানানো হয়।

গাজীপুর মহানগরীর কালিয়াকৈর থানার সাধারণ ডায়েরি ও ভিকটিমের পরিবারের লিখিত অভিযোগ থেকে জানা যায়, গাজীপুর থেকে রাজধানীর মগবাজারে যাওয়ার পথে ভুক্তভোগী হৃদয় আনসারীকে অপহরণ করা হয়। পরবর্তীতে পরিবারকে একটি অজ্ঞাত নম্বর দিয়ে ফোন করে জানানো হয়, ভুক্তভোগী হৃদয় আনসারী অপহরণকারীদের জিম্মায় রয়েছে। তাকে ছাড়িয়ে নিতে পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।

বিভিন্ন বিকাশ ও নগদ নম্বরের মাধ্যমে পরিবারের সদস্যরা মোট ৪০ হাজার টাকা পাঠান। কিন্তু তারপরও হৃদয়ের সন্ধান পাওয়া যায়নি। পরে আইনশৃঙ্খলা বাহিনীকে অপহরণের বিষয়টি জানায় পরিবারের সদস্যর।

বিকাশ ও নগদ নম্বরের সূত্র ধরে এসআরবি-৩ ছায়া তদন্ত শুরু করলে গত ২৮ অক্টোবর যাত্রাবাড়ী থেকে বিকাশের দোকান ও যে নম্বর থেকে টাকা চাওয়া হয়েছে তাকে আটক করা হয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটিমের কণ্ঠ অনুকরণ করে টাকা আত্মসাৎকারী অনলাইন প্রতারক চক্রের ২ সদস্যকে এসআরবি-৩ এর একটি দল আটক করে।