logo
Advertisement

মিরপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চারজন আটক

এশিয়া পোস্ট প্রতিবেদক
মিরপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চারজন আটক
ছবি: ডিএমপি

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে চারজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে দুজন প্রাপ্তবয়স্ক এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত দুই শিশু রয়েছে।

Advertisement

বুধবার (৫ আগস্ট) রাতে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় সংঘবদ্ধ একটি চক্র পথচারীদের গতিরোধ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে অবস্থান করছিল।

খবর পেয়ে মিরপুর মডেল থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে চারজনকে আটক করা হয়।

আটক দুজন প্রাপ্তবয়স্ক হলেন মো. রাজিব (২২) ও মো. মেহেদী হাসান (২৮)। এ ছাড়া আইনের সঙ্গে সংঘাতে জড়িত দুই শিশুকে আটক করা হয়েছে। আইনগত কারণে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।