logo

শাহজালালে ৫৯৫ কার্টন সিগারেট, মদসহ নিষিদ্ধ ক্রিম জব্দ

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
শাহজালালে ৫৯৫ কার্টন সিগারেট, মদসহ নিষিদ্ধ ক্রিম জব্দ
শাহজালালে জব্দ করা ৫৯৫ কার্টন সিগারেট, মদসহ নিষিদ্ধ ক্রিম। ছবি: সিআইআইডি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ৫৯৫ কার্টন বিদেশি সিগারেট, ২৪ দশমিক ২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম ও ১০ লিটার বিদেশি মদ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৬২ হাজার টাকা।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের কর্মকর্তারা বিমানবন্দরে অভিযান পরিচালনা করেন।

পরবর্তীতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন।

সিআইআইডির বরাত দিয়ে এনবিআর কর্মকর্তা আল-আমিন জানান, শ্রীলঙ্কার কলম্বো থেকে ঢাকায় আসা ইউএল-১৮৯ (UL189) ফ্লাইটের পাঁচ যাত্রীর ব্যাগেজ পৃথকভাবে স্ক্যান ও তল্লাশি করা হয়। এ সময় মোহাম্মদ রোবেলের কাছ থেকে ১৬১ কার্টন সিগারেট ও ৬ দশমিক ৪ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম, আবদুল্লাহ আল মোবারকের কাছ থেকে ১৪৯ কার্টন সিগারেট ও ৫ দশমিক ৮ কেজি গৌরী ক্রিম এবং খোরশেদ আলমের কাছ থেকে ১৮৮ কার্টন সিগারেট উদ্ধার করা হয়।

এ ছাড়া মিসেস রাবেয়া বেগমের ব্যাগেজ থেকে ৮৮ কার্টন সিগারেট ও ১২ কেজি গৌরী ক্রিম এবং মো. গোলাপের কাছ থেকে আরও ৯ কার্টন সিগারেট আটক করা হয়।

অন্যদিকে ভারতের মুম্বাই থেকে ঢাকায় আসা এয়ার ইন্ডিয়ার এআই-২১৮৩ (AI2183) ফ্লাইটের যাত্রী মোবারক হোসাইনের ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করে ১০ লিটার ব্ল্যাক লেবেল (Black Label) ব্র্যান্ডের বিদেশি মদ আটক করা হয়।

কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, দুই ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজে অভিযান চালিয়ে মোট ৫৯৫ কার্টন বিদেশি সিগারেট, ২৪ দশমিক ২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০ লিটার বিদেশি মদ আটক করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৬২ হাজার টাকা।

যাত্রী প্রোফাইলিং ও নিবিড় নজরদারির মাধ্যমে বিমানবন্দরে চোরাচালান ও অবৈধ পণ্য প্রবেশ প্রতিরোধে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলেও এনবিআর জানিয়েছে।