আজ থেকে মেট্রোরেল চলবে নতুন সময়সূচিতে

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় যাত্রীদের সুবিধা বাড়াতে আজ রোববার (৭ জুন) থেকে মেট্রোরেলের চলাচলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী উভয় প্রান্তে ট্রেন চলাচলের সময় ২০ মিনিট করে বাড়ানো হয়েছে।
নতুন সময়সূচি কার্যকর হওয়ার ফলে এখন থেকে মতিঝিল থেকে উত্তরাগামী সর্বশেষ মেট্রোরেল ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে। আগে এই ট্রেন ছাড়ত রাত ১০টা ১০ মিনিটে। অন্যদিকে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে, যা আগে ছিল রাত সাড়ে ৯টা।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, যাত্রীচাহিদা বিবেচনায় এবং পরিচালন সক্ষমতা যাচাইয়ের অংশ হিসেবে প্রায় এক মাস পরীক্ষামূলকভাবে বিশ্লেষণ চালানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে বাড়তি সময়ের মধ্যে উভয় দিকেই একটি করে অতিরিক্ত ট্রিপ পরিচালনা করা হবে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বর্তমানে প্রতিদিন ২৯৭টি ট্রিপ পরিচালিত হচ্ছে এবং নতুন সময়সূচির ফলে ট্রিপের সংখ্যা কিছুটা বৃদ্ধি পাবে। ভবিষ্যতে যাত্রীচাহিদা ও পরিচালন সক্ষমতার ওপর ভিত্তি করে মেট্রোরেলের সেবা সময় আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর রাজধানীতে দেশের প্রথম মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে চালু হয়। প্রথমে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে সীমিত পরিসরে চলাচল শুরু হলেও পরবর্তীতে ধাপে ধাপে পুরো এমআরটি লাইন-৬ নেটওয়ার্কে সেবা সম্প্রসারিত করা হয়।


