logo

তাহসিফের বন্ধু দ্বীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফের বন্ধু দ্বীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর
ছবি: কোলাজ

বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মরদেহ উদ্ধারের ঘটনায় আটক হওয়া আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত মধ্যরাতে তাকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শনিবার (৩১ অক্টোবর) সকালে নৌ পুলিশ ও পিবিআইয়ের একাধিক সূত্র এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধারের ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে যদি মামলা না করে তাহলে পুলিশ বাদী হয়ে মামলা করবে। মামলাটি হবে অপমৃত্যু মামলা।

এ বিষয়ে জানতে ঢাকা অঞ্চলের নৌ পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল মামুনকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তারপর তাকে খুদে বার্তা পাঠানো হলেও জবাব দেননি।

পরে রাজধানীর উত্তরায় সামনাসামনি দেখা হলে জিজ্ঞাসার পর মামুন বলেন, 'আমি দৌড়ের ওপর আছি। এক মিনিট না, এক সেকেন্ড কথা বলারও সময় নাই।’

এর আগে উত্তরখানের রাজাবাড়ি ঘাট-সংলগ্ন তুরাগ নদ থেকে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

নিহত সৌরি রাজধানীর তুরাগের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের করবী ভবনের কে এম এনায়েতুল করীম হেলালের বড় ছেলে। তারা তিন ভাই বোন। দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিলেন তাহসিফ সৌরি।