logo

বদলির পরেও পদ ছাড়ছেন না তিন পদে দায়িত্ব পালন করা কর্মকর্তা

বদলির পরেও পদ ছাড়ছেন না তিন পদে দায়িত্ব পালন করা কর্মকর্তা
মনোয়ার হোসেন। ছবি: এশিয়া পোস্ট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তিনটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা কর্মকর্তা মনোয়ার হোসেনকে বদলি করা হয়েছে গত ২২ নভেম্বর। ডিএসসিসি থেকে তাকে বদলি করা হয় স্থানীয় সরকার বিভাগে। তবে বদলির পরে পেরিয়ে গেছে এক সপ্তাহ। এখন পর্যন্ত তিনি তার পুরোনো কর্মস্থল ছাড়েননি। দায়িত্ব পালন করছেন তিন পদেই।

এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে করপোরেশনের কর্মকর্তাদের মধ্যে। সরকারের একজন প্রথম শ্রেণির কর্মকর্তাকে বদলির পরেও কর্মস্থল না ছাড়ার বিষয়টিকে তারা দেখছেন সরকারের নির্দেশনার অবহেলা হিসেবে।

Advertisement

জানা যায়, গত ২২ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে মনোয়ার হোসেনের এ বদলির কথা জানানো হয়।

মনোয়ার হোসেন ডিএসসিসিতে নিরীক্ষা কর্মকর্তা, প্রশাসকের একান্ত সচিব (পিএস) ও আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একই সঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করায় নগর ভবনে তার ভূমিকা ও প্রভাব নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আলোচনা ছিল। করপোরেশনের বিভিন্ন কার্যক্রমে প্রভাব বিস্তার, দরপত্র প্রক্রিয়ায় পছন্দের ব্যক্তিদের সুযোগ করে দেওয়া এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগও ছিল তার বিরুদ্ধে। বিভিন্ন সময়ে নানা গণমাধ্যমে মনোয়ার হোসেনের অনিয়ম নিয়ে সংবাদও প্রকাশিত হয়।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন-১ অধিশাখার যুগ্মসচিব মো. রবিউল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, সিটি করপোরেশন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সিটি করপোরেশনের কর্মকর্তার রিলিজের বিষয় তারা দেখে থাকে। এটা মন্ত্রণালয় করে না।

​তবে ডিএসসিসি থেকে এখনও ছাড়পত্র (রিলিজ) না পাওয়ায় নতুন কর্মস্থলে যোগ দিতে পারেননি বলে জানিয়েছেন মনোয়ার হোসেন। এশিয়া পোস্টকে তিনি বলেন, সিটি করপোরেশন থেকে আমাকে রিলিজ দেওয়া হয়নি, আর রিলিজ না দিলে তিনি কীভাবে যোগ দেব। বদলির আদেশে নির্ধারিত সময়ের মধ্যে যোগ না দিলে স্ট্যান্ড রিলিজের কথা থাকলেও পরে তা সংশোধন করে সাধারণ বদলি করা হয়েছে।

মনোয়ার হোসেন আরও বলেন, যেহেতু আমি প্রশাসকের পিএসের দায়িত্ব পালন করছি, তাই এ বিষয়ে প্রশাসক যেটা মনে করবেন সেটাই হবে। প্রশাসক যখন ছাড়বেন, তখনই আমি গিয়ে যোগ দেব।