পাবনায় পরিত্যক্ত বিদ্যালয় থেকে ৭৭টি ককটেল উদ্ধার

পাবনার সাঁথিয়ায় একটি পরিত্যক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন থেকে ৭৭টি ককটেল ও বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যটালিয়ন (এসআরবি)-১২।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
তিনি জানান, গত ১৭ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার সাঁথিয়া থানার রাউতি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত একতলা ভবনে অভিযান চালায় এসআরবি-১২-এর একটি অভিযানিক দল।
অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৭৭টি ককটেল, পাঁচটি ছোট ও দুটি বড় জর্দার কৌটা, ৬০ গ্রাম সাদা রঙের গানপাউডার এবং ৪০ গ্রাম লালচে রঙের গানপাউডারসহ ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এসব আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাঁথিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান তিনি।


