নতুন ফ্যাসিবাদের পথে হাঁটছে সরকার: ফাহিম ফারুকী

বর্তমান সরকার নতুন ফ্যাসিবাদের পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন মঞ্চ-২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কঠোর সমালোচনা করে শনিবার (৩ অক্টোবর) বিকেলে বাংলাদেশ ছাত্রপক্ষ আয়োজিত এক ব্যঙ্গাত্মক আনন্দ সভায় তিনি এ মন্তব্য করেন।
সভায় বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা এবং আগামী ১ ডিসেম্বর থেকে জাতীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দেন ফাহিম ফারুকী।
দেশের চাঁদাবাজি, লুটপাট, আইনশৃঙ্খলার অবনতি, সরকারি চাকরিতে দলীয় অনুগতদের নিয়োগ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে ব্যঙ্গ করে বাংলাদেশ ছাত্রপক্ষ আনন্দ সভা সমাবেশটির আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।
ফাহিম ফারুকী বলেন, ‘বিএনপি নিজেদের জনগণের প্রতিনিধি হিসেবে দাবি করলেও তাদের বিভিন্ন সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী। ভিন্নমত দমনের মাধ্যমে দেশে পুনরায় স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা চলছে।’
গ্যাস,বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ বিভিন্ন বিষয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষকে মামলা দিয়ে হয়রানি ও কারাগারে পাঠিয়ে ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
আখতারুজ্জামানকে গ্রেপ্তার ও সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলবের প্রসঙ্গ তুলে ফাহিম ফারুকী বলেন, ‘এসব ঘটনা দুর্বল চিত্রনাট্য। নিজ দলের অনিয়ন্ত্রিত নেতাকর্মীদের নিয়ন্ত্রণ, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং গোষ্ঠীতান্ত্রিক স্বজনপ্রীতি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে, আগামী ১ ডিসেম্বর থেকে সম্মিলিতভাবে জাতীয় সরকার প্রতিষ্ঠার আন্দোলনে যাওয়ার কর্মসূচি নেওয়া হবে বলে।’