মালয়েশিয়ার শ্রমবাজারে তিন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলার তাগিদ
• চাকরির চাহিদাপত্রের সত্যতা যাচাই
• চাহিদার সমানসংখ্যক কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা
• যৌক্তিক অভিবাসন ব্যয় নিশ্চিত করা

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তবে এর দীর্ঘমেয়াদি স্থায়িত্ব ও বিকাশ নিশ্চিতে তিনটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।
এই তিনটি বিষয় হলো, মালয়েশিয়া থেকে আসা চাকরির চাহিদাপত্রের (ডিমান্ড লেটার) সত্যতা নিশ্চিত করা, চাহিদাপত্রে উল্লেখিত কর্মীর সংখ্যার ভিত্তিতে চাকরিপ্রত্যাশীদের স্বাস্থ্য পরীক্ষা করানো এবং যৌক্তিক অভিবাসন ব্যয় নিশ্চিত করা।
অংশীজনরা বলছেন, জনশক্তি রপ্তানি খাত যখন নানা সংকটে ধুঁকছে, তখন দুই বছরেরও বেশি সময় পর মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ায় দেশটিতে কয়েক লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর সুযোগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বর থেকে নতুন করে কর্মী পাঠানো শুরু হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়া অন্যতম প্রধান শ্রমবাজার। বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে প্রায় ১০ লাখ বাংলাদেশি কাজ করছেন। তবে সম্ভাবনাময় এই শ্রমবাজার অতীতে একাধিকবার বন্ধ হয়ে যাওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ রয়েছে।
দুই দেশের মধ্যে জনশক্তি নিয়োগে সহযোগিতার ভিত্তিতে ১৯৭৮ সালে মালয়েশিয়ায় প্রথম বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হয়। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, ১৯৮৬, ১৯৯৪, ২০০৯, ২০১৮ ও ২০২৪ সালে দেশটিতে বাংলাদেশি কর্মী নিয়োগ স্থগিত করা হয়। অভিবাসন প্রক্রিয়ায় অনিয়ম, সিন্ডিকেট, অতিরিক্ত অভিবাসন ব্যয় আদায়, অবৈধ কর্মী এবং এ ধরনের অন্যান্য অভিযোগে বিভিন্ন সময়ে শ্রমবাজারটি বন্ধ করা হয়।
সর্বশেষ ২০২৪ সালের ৩১ মে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও অতিরিক্ত অভিবাসন ব্যয় আদায়ের অভিযোগে বাংলাদেশিদের জন্য নিজের শ্রমবাজার বন্ধ করে দেয় মালয়েশিয়া। ২০২৫ সালে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তৎকালীন অন্তর্বর্তী সরকার এটি পুনরায় চালুর উদ্যোগ নেন। এর ধারাবাহিকতায় বর্তমান বিএনপি সরকারও এ নিয়ে কুয়ালালামপুরের সঙ্গে আলোচনা শুরু করে।
গত ৮ এপ্রিল প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল মালয়েশিয়া সফর করে। এ সময় তারা দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেন। গত ২২ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর করেন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তিনি বিষয়টি নিয়ে আলোচনা করেন।
শ্রমিক পাঠানোর প্রক্রিয়া ও বেতন
চলতি বছরের ২৮ আগস্ট দুই দেশ মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরুর ঘোষণা দেয়। গত ১৫ অক্টোবর ৩৩৮টি রিক্রুটিং এজেন্সি নির্বাচনের মধ্য দিয়ে কর্মী পাঠানোর আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়। মালয়েশিয়া সরকার জানিয়েছে, সরকার-টু-সরকার (জিটুজি) প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নিয়োগ করা হবে। তাদের অভিবাসন ব্যয় বহন করবেন মালয়েশিয়ার নিয়োগকর্তারা।
আগামী ডিসেম্বর থেকে কর্মীদের মালয়েশিয়া যাত্রার কথা রয়েছে। দেশটিতে কর্মীদের ন্যূনতম মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭০০ রিঙ্গিত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ হাজার টাকা। অতিরিক্ত সময় কাজ করলে মাসে প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব।
সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচিত ৩৩৮টি রিক্রুটিং এজেন্সি এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠানো হবে। প্রথম পর্যায়ে লটারির মাধ্যমে নির্বাচিত ১০ হাজার কর্মী বোয়েসেলের মাধ্যমে পাঠানো হবে। রেসপনসিবল বিজনেস অ্যালায়েন্স (আরবিএ) পদ্ধতিতে তাদের সব অভিবাসন ব্যয় বহন করবেন মালয়েশিয়ার নিয়োগকর্তারা।
আরবিএ পদ্ধতিতে যাওয়া কর্মীদের কোনো অভিবাসন ব্যয় বহন করতে হবে না। অন্যদিকে, নন-আরবিএ পদ্ধতিতে কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা।
চাকরিপ্রত্যাশী কর্মী ও বায়রা নেতাদের একাংশ বলছেন, নির্ধারিত অভিবাসন ব্যয়ের বেশি যেন কোনো রিক্রুটিং এজেন্সি আদায় করতে না পারে তা সরকারকে নিশ্চিত করতে হবে। তবে বায়রার কিছু নেতা বলছেন, বেসরকারি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর জন্য ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ যৌক্তিক নয়। একটি রিক্রুটিং এজেন্সির মালিক বলেন, মালয়েশিয়া থেকে চাহিদাপত্র সংগ্রহ করতেই নির্ধারিত অভিবাসন ব্যয়ের চেয়ে বেশি অর্থ খরচ হয়।
প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) বৈঠক করেন কয়েকটি রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিরা। সেখানে তারা আড়াই লাখ টাকা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রস্তাব দেন।
সরকারকে সজাগ থাকার তাগিদ
বায়রার জ্যেষ্ঠ নেতা ও সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান এশিয়া পোস্টকে বলেন, ‘দীর্ঘ প্রতীক্ষার পর মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য অবশেষে খুলে গেছে। এটি অবশ্যই একটি ভালো খবর। তবে চাহিদাপত্রের সত্যতা যাচাই না করে একজন কর্মীকেও যেন দেশটিতে পাঠানো না হয়, তা সরকারকে নিশ্চিত করতে হবে। চাহিদাপত্র নিশ্চিত হওয়ার আগে কোনো চাকরিপ্রত্যাশীকে যেন মেডিকেল পরীক্ষা করাতে না হয়, সেটিও সরকারকে নিশ্চিত করতে হবে।’
অতীতে বিভিন্ন সময়ে ভুয়া চাহিদাপত্রের মাধ্যমে অনেক কর্মীকে দেশটিতে পাঠানোর তিক্ত অভিজ্ঞতা রয়েছে। এসব কর্মীকে দীর্ঘদিন ধরে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে। অনেককে ভুয়া কাগজপত্রের কারণে কারাগারে যেতে হয়েছে। কেউ কেউ জঙ্গলে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। আবার অনেকে বৈধ কাগজপত্র ছাড়াই কম মজুরিতে কাজ করতে বাধ্য হয়েছেন। অনেক চাকরিপ্রত্যাশী বিপুল অর্থ ব্যয় করে মেডিকেল পরীক্ষা করেও শেষ পর্যন্ত ভিসা পাননি। অথচ মাসের পর মাস ভিসার আশায় বসে থেকে তারা সব দিক দিয়ে ক্ষতির শিকার হয়েছেন।
অতিরিক্ত অভিবাসন ব্যয়ের ক্ষেত্রেও অতীতে কর্মীদের কাছ থেকে জনপ্রতি ৬ থেকে ৭ লাখ টাকা পর্যন্ত আদায় করা হয়েছে। অথচ সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় ছিল ৭৮ হাজার ৯৯০ টাকা। অভিবাসন ব্যায় কঠোরভাবে নিশ্চিত করা না হলে শ্রমিক পাঠানোর সংখ্যা যেমন কম হবে তেমনি অতিরিক্ত অর্থ নেওয়ার ঘটনায় অতীতের মতো আবারও শ্রমবাজার বন্ধ হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন অংশীজনরা।
এ বিষয়ে বায়রার সাবেক যুগ্ম মহাসচিব-১ মোহাম্মদ ফখরুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, ‘আগের বছরগুলোতে মালয়েশিয়া যেতে কর্মীদের সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় উপেক্ষা করে ৬ লাখ টাকারও বেশি দিতে বাধ্য করা হয়েছে। এবার সরকারকে অভিবাসন প্রক্রিয়া ডিজিটালাইজেশন করতে হবে, যাতে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে কেউ অতিরিক্ত অর্থ আদায় করতে না পারে।’
বোয়েসেলের ভূমিকা কী
মালয়েশিয়ায় জনশক্তি পাঠানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বোয়েসেল। বিশেষ করে, প্রতিষ্ঠানটি শূন্য অভিবাসন ব্যয়ে ১০ হাজার কর্মী নির্বাচন ও মালয়েশিয়ায় পাঠানোর দায়িত্ব পালন করছে।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এশিয়া পোস্টকে বলেন, ‘এ পর্যন্ত ৪ হাজার ২৯ জন আবেদনকারীর মধ্য থেকে লটারির মাধ্যমে ৩০০ কর্মী বাছাই চূড়ান্ত করা হয়েছে। পর্যায়ক্রমে চাহিদার সব কর্মী লটারির মাধ্যমে বাছাই করা হবে।’
তিনি বলেন, ‘আরবিএ (নিয়োগকর্তাকে কর্মীর অভিবাসন ব্যায় বহন করা) পদ্ধতিতে মালয়েশিয়ার নিয়োগকর্তারা নিজস্ব খরচে বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবেন। বাকিদের সরকারের নির্ধারিত ১ লাখ ৫৪ হাজার টাকা অভিবাসন ব্যয়ে পাঠানো হবে। বেসরকারি ব্যবস্থাপনায় জনশক্তি পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় শিগগিরই চূড়ান্ত করা হবে।’
অব্যবস্থাপনার অভিযোগ
মালয়েশিয়ান ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস) গত ৬ নভেম্বর চাকরিপ্রত্যাশীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ৫১টি মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করে। এ পরীক্ষার জন্য জনপ্রতি ৮০০ টাকা ফি নির্ধারণ করা হয়।
এসব মেডিকেল সেন্টারের কয়েকটি ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে। তবে বাংলাদেশ সরকার এর মধ্যে কয়েকটির বিষয়ে আপত্তি জানিয়েছে। ফলে তালিকা পুনর্বিন্যাস করতে হয়। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, আগামী সপ্তাহের মধ্যে মেডিকেল সেন্টারগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশ করবে মন্ত্রণালয়। মঙ্গলবার (১৬ নভেম্বর) ৫১টি মেডিক্যাল সেন্টারের নাম ঘোষণা করা হয়।
ডিসেম্বরে জনশক্তি রপ্তানি শুরুর কথা চূড়ান্ত হলেও বেসরকারিভাবে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে অভিবাসন ব্যয় এখনও চূড়ান্ত হয়নি। দুই দেশের আলোচনায় ১ লাখ ৫৪ হাজার টাকা অভিবাসন ব্যয়ের কথা বলা হলেও মন্ত্রণালয় এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি। অভিবাসন ব্যয় নির্ধারণের জন্য সংশ্লিষ্ট অংশীজনদের কাছে প্রস্তাব চেয়েছে মন্ত্রণালয়।
কয়েকটি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ইতিমধ্যেই ৬ থেকে ৭ লাখ টাকা অভিবাসন ব্যয় নিয়ে ভিসা বিক্রি শুরুর অভিযোগ উঠেছে। তবে এশিয়া পোস্টের পক্ষে এ অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
বায়রার কয়েকজন নেতার অভিযোগ, ২৫টি রিক্রুটিং এজেন্সিকে ঘিরে সিন্ডিকেট এখনও সক্রিয় রয়েছে। বাকি ৩১২টি এজেন্সি কেবল নামমাত্র রয়েছে।
কী বলছেন বিশেষজ্ঞরা
অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির এশিয়া পোস্টকে বলেন, ‘মালয়েশিয়া নতুন করে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের যে প্রক্রিয়া সম্প্রতি শুরু করেছে তাতে বাংলাদেশের পক্ষ থেকে সক্রিয় ভূমিকা কম দেখা যাচ্ছে। এখানে রিক্রুটিং এজেন্সি বাছাই, মেডিক্যাল সেন্টার নির্ধারণসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো কুয়ালালামপুরের দিক থেকে চূড়ান্ত করা হচ্ছে। বাংলাদেশ থেকে মোট কত কর্মী নিয়োগ দেওয়া হবে কুয়ালালামপুর তা এখনও জানায়নি। সব মিলিয়ে মনে হচ্ছে বাংলাদেশ সরকার শুধু শ্রমিক পাঠানো শুরুর বিষয়টিই নিশ্চিত হতে চাইছে। অনেকে বলছেন, অভিবাসন ব্যায় এবার আরো বাড়তে পারে। সরকারকে বিষয়গুলো গুরুত্বসহকারে দেখতে হবে।’
রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট (রমরু) প্রতিষ্ঠাতা চেয়ারপারসন এবং নির্বাহী পরিচালক ড. তাসনিম সিদ্দকী। সম্প্রতি এক টিভি টকশোতে তিনি বলেন, ‘এবারো সিন্ডিকেট রাখা হয়েছে, যদিও রিক্রুটিং এজেন্সির সংখ্যা বেশি দেখানো হয়েছে। এর কারণে কর্মী পাঠানোর ব্যয় যেন অতিরিক্ত বেড়ে না যায় সরকারকে সেদিকে নজর রাখতে হবে।’
বায়রার সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘এবারের সিন্ডিকেটে ৩৩৮টির মধ্যে ৩১২টিই নামমাত্র এজেন্সি। মূল সিন্ডিকেট আসলে মাত্র ২৫টি এজেন্সির।’ তিনি সিন্ডিকেটের পরিবর্তে সব বৈধ লাইসেন্সধারী এজেন্সির জন্য বাজার উন্মুক্ত করার দাবি জানিয়ে বলেন, তাহলে বাজার আর হাতছাড়া হওয়ার আশঙ্কা থাকবে না।
এ বিষয়ে বক্তব্য জানতে প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদের মোবাইলে একাধিকবার কল দিয়েও তাদের পাওয়া যায়নি। পরে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও সাড়া মেলেনি।







