logo

রাজধানীতে বাসার বাথরুম থেকে মরদেহ উদ্ধার

রাজধানীতে বাসার বাথরুম থেকে মরদেহ উদ্ধার
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

রাজধানীর কাকরাইল এলাকায় একটি বাসার বাথরুম থেকে এনাম রসুল (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) ভোর ৫টার দিকে কাকরাইলের ১৯ নম্বর প্লটের ৬৭/৮ নম্বর বাসার অষ্টম তলা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এনাম রসুল পটুয়াখালী জেলার কুমারখালী এলাকার মৃত শওকত আলীর ছেলে। তিনি রাজধানীর কাকরাইলে বসবাস করতেন।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) জয় প্রান্ত জানান, ওই বাসার দারোয়ান আব্দুল হোসেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে শুক্রবার ভোর ৫টার দিকে কাকরাইলের ওই বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় বাসার বাথরুমের ভেতর এনাম রসুলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

তিনি জানান, পুলিশ তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক ধারণা, স্ট্রোকজনিত কারণে এনাম রসুলের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।