logo

মানুষের প্রতি কবির দায়বদ্ধতা নিয়ে আলোচনা, নতুন বইয়ের মোড়ক উন্মোচন

মানুষের প্রতি কবির দায়বদ্ধতা নিয়ে আলোচনা, নতুন বইয়ের মোড়ক উন্মোচন
‘কাছের মানুষ দূরের গল্প’ শীর্ষক অনুষ্ঠান। ছবি: এশিয়া পোস্ট

কবিতার শিল্পবোধ, দর্শন, বিষয়বৈচিত্র্য এবং মানুষের প্রতি কবির দায়বদ্ধতা নিয়ে আলোচনা, কবিতা পাঠ ও নতুন বইয়ের মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে ঢাকায় কবি কাজী জহিরুল ইসলামকে ঘিরে অনুষ্ঠিত হলো এক অনিন্দ্য বিকেল।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘কাছের মানুষ দূরের গল্প’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে প্রকাশনা সংস্থা জলধি। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল ‘কাজী জহিরুল ইসলামের কবিতায় শিল্পবোধ, দর্শন ও বিষয়বৈচিত্র্য’।

Advertisement

এতে সভাপতিত্ব করেন লেখক, গবেষক ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক মুখ্য সচিব সিরাজ উদ্দিন সাথী।

আলোচনায় অংশ নেন কবি আতাহার খান, ড. মাহবুব হাসান, মুজতাহিদ ফারুকী, জাকির আবু জাফর, নাহিদা আশরাফী, আবিদ আজম, আশিক মুস্তফা, সফিক ইসলাম, মুজিবর রহমান বকুল, শেখ শোয়াইব, মোক্তার আরেফিন ও নাবিল নিশাতসহ অনেকে।

কবি কাজী জহিরুল ইসলামের কবিতা থেকে আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী নাসিম আহমেদ, তাহসিন রেজা, অনন্যা মাহমুদ, আব্দুল্লাহ আল মামুন, ফয়জুন নাহার, সাঈদা আজিজ চৌধুরী, রোকন রেহান ও সুলতানা রাজিয়াসহ অন্যরা।

জাতিসংঘের আন্তর্জাতিক কর্মকর্তা হিসেবে কবি কাজী জহিরুল ইসলাম বর্তমানে সংস্থাটির সদর দপ্তর নিউইয়র্কে কর্মরত। প্রবাসে থাকলেও দেশের সাহিত্যাঙ্গনের মানুষের সঙ্গে তার যোগাযোগ ও সান্নিধ্যের আকর্ষণ অটুট রয়েছে। ছুটিতে দেশে এলে তাকে একনজর দেখতে ও তার সঙ্গে সময় কাটাতে ছুটে আসেন ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও পাঠকরা।

নেত্রকোনার সুসং দুর্গাপুর থেকে আরিয়ান সিদ্দিক, পাবনার সাঁথিয়া থেকে আব্দুল্লাহ আল মামুন, ফরিদপুরের ভাঙ্গা থেকে সফিক ইসলাম এবং নরসিংদী থেকে কিবরিয়া লিপনসহ দেশের বিভিন্ন এলাকা ও ঢাকার নানা প্রান্ত থেকে কবির ভক্ত-অনুরাগীরা অনুষ্ঠানে যোগ দেন।

আলোচনায় উঠে আসে ২০২৪ সালের জুলাইয়ের উত্তাল দিনগুলোতে কবি কাজী জহিরুল ইসলামের ভূমিকা এবং তার প্রতিবাদী কবিতার প্রসঙ্গ। বিশেষ করে ‘শহীদ আবু সাঈদ’, ‘শহীদ মুগ্ধকে লেখা চিঠি’ ও ‘সাঁজোয়া থেকে গড়িয়ে পড়া শহীদ ইয়ামিনের দেহ’ কবিতাগুলো নিয়ে আলোচনা করেন বক্তারা।

তাদের মতে, এসব কবিতায় সময়ের বাস্তবতা, মানুষের বেদনা, প্রতিবাদ ও দায়বদ্ধতার প্রকাশ ঘটেছে।

কবি আতাহার খান কাজী জহিরুল ইসলামের ছন্দজ্ঞানের প্রশংসা করে বলেন, ‘এ সময়ের অন্যতম প্রধান বাঙালি কবি কাজী জহিরুল ইসলামের ছন্দশুদ্ধতা তাকে মুগ্ধ করে।’

কবি জাকির আবু জাফর তার বিচরণশীলতা, গণমানুষের পক্ষে অবস্থান এবং দৃঢ় ও আপসহীন মনোভাবের প্রশংসা করেন।

অন্যদিকে জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত সাংবাদিক ও ছড়াকার আবিদ আজম তাকে জুলাইয়ের অন্যতম প্রধান কবি হিসেবে উল্লেখ করেন।

কবি কাজী জহিরুল ইসলাম বলেন, ‘কবিকে মানুষের কথা বলতে হয়, প্রয়োজনে শাসকের বিরুদ্ধে দাঁড়াতে হয়। আমি আমার এই দায়িত্ব আজীবন পালন করে যেতে চাই।’

আলোচনা ও কবিতা পাঠের পাশাপাশি অনুষ্ঠানে জলধি প্রকাশিত কবির নতুন দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বই দুটি হলো ‘দোতলার সিঁড়ি ঢলে পড়ে আছে ঘুমে’ এবং ‘আতাহার খানের প্যান্ডোরা বক্স’।

পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগীতশিল্পী আলাউদ্দিন আহমেদ। আনুষ্ঠানিকতা শেষে কবিকে ঘিরে ভক্ত-অনুরাগীদের অটোগ্রাফ সংগ্রহ, ছবি তোলা ও আড্ডা চলে দীর্ঘ সময়। কবিতা, স্মৃতিচারণ ও আন্তরিকতায় মুখর হয়ে ওঠে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তন।

নূর মামুন

সম্পাদনা

নূর মামুন

জ্যেষ্ঠ সহসম্পাদক | এশিয়া পোস্ট