গার্ডদের মোরগ পোলাও খাইয়ে ২ হাজার ভরি স্বর্ণালংকার লুট

রাজধানীর ধানমন্ডি এলাকার আনাম র্যাংকস প্লাজায় পূরবী জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে শপিংমলের নিরাপত্তাকর্মীদের অচেতন করে দোকান থেকে বিপুল স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।
জুয়েলার্সের মালিকের দাবি, প্রায় দুই হাজার ভরি স্বর্ণালংকার এবং ১০ থেকে ১২ লাখ টাকা চুরি হয়েছে। এ ঘটনায় নিরাপত্তাকর্মীদের কয়েকজনের সম্পৃক্ততা সন্দেহ করছেন দোকান কর্তৃপক্ষ। শপিংমলের দুজন নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। বাকি চারজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ।
ঘটনার খবর পেয়ে শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে পুলিশ শপিংমলটি ঘিরে রাখে। এ সময় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল সেখানে এসে বিভিন্ন আলামত সংগ্রহ করছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ বলেন, চুরির ঘটনায় দোকান থেকে আনুমানিক দুই হাজার ভরি গয়না খোয়া গেছে। এ ছাড়া নগদ ১০ থেকে ১২ লাখ টাকা নিয়ে গেছে চোরেরা।
জুয়েলার্সের বিক্রেতা জোবায়ের আহমেদ গণমাধ্যমে জানান, গভীর রাতে শপিংমলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করা হয়। এরপর দোকানের গয়না চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
জুয়েলার্সের জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল জানান, ঘটনার পর থেকে তিনজন নিরাপত্তাকর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে জুয়েলার্সের নিজস্ব একজন এবং শপিংমলের দুজন নিরাপত্তাকর্মী রয়েছেন।
তিনি বলেন, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে শপিংমলে প্রবেশ করতে দেখা গেছে। তাদের সঙ্গে আরও দুজন অপরিচিত ব্যক্তি ছিলেন। ফুটেজে নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজনকে চোরদের শপিংমলে প্রবেশে সহায়তা করতে দেখা গেছে বলে দাবি করেন তিনি।

