logo

যুবলীগ-ছাত্রলীগ ও ছাত্রদলের সমন্বয়ে ‘জিয়া খালের’ মাটি চুরি, অধরা আসামিরা

যুবলীগ-ছাত্রলীগ ও ছাত্রদলের সমন্বয়ে ‘জিয়া খালের’ মাটি চুরি, অধরা আসামিরা
জামালপুরের ইসলামপুরে রাতের আঁধারে জিয়া খাল থেকে প্রায় ১০ হাজার ঘনফুট মাটি কেটে নেওয়া হয়। ছবি: এশিয়া পোস্ট

জামালপুরের ইসলামপুরে রাতের আঁধারে জিয়া খাল থেকে প্রায় ১০ হাজার ঘনফুট মাটি কেটে নেওয়ার ঘটনায় করা মামলায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলায় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা এবং ছাত্রদলের সাবেক এক নেতার নাম উল্লেখ করা হয়েছে।

স্থানীয়ভাবে জিয়া খাল নামে পরিচিত খালটির প্রকৃত নাম কাটাখালি খাল। ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান খালটি খনন করেছিলেন বলে এটি জিয়া খাল নামে পরিচিতি পায়। বর্তমান সরকারের খাল খনন কর্মসূচির আওতায় সম্প্রতি আবারও খনন করা হয় খালটি। তবে খননের পরপরই খালের মাটি কেটে নেওয়ার অভিযোগ ওঠে।

Advertisement

স্থানীয়দের অভিযোগ, গত ৬ থেকে ১২ নভেম্বরের মধ্যে খালের তেঘরিয়া অংশ থেকে মাটি কেটে নেওয়া হয়। এতে খালের পাশের চলাচলের পথ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে স্থানীয় কৃষকরা ওই পথ দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না।

স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বলেন, এই খালটা জিয়াউর রহমানের খনন করা খাল। এখন এই খাল তারেক জিয়ার। খালটা খননের পর এখানে যে মাটি ছিল, সেই মাটির প্রায় সবই তারা কেটে নিয়ে গেছে। আমরা তাদের জিজ্ঞাসা করেছিলাম, কেন মাটি কাটছে। তারা বলেছে, ইউএনও স্যার নাকি আরও বেশি মাটি কাটবেন। এ ধরনের কথা বলেছে। তাই ভয়ে আমরা কিছু বলতে সাহস পাইনি।

নূর হোসেন নামে আরেকজন বলেন, খালের মাটি কেটে নেওয়ায় সাধারণ মানুষের ক্ষতি হয়েছে। বর্ষায় বৃষ্টির পানি নামলে কাটা অংশের মাটি ধুয়ে যেতে পারে। খালের পাড়ে গাছ লাগানোরও সুযোগ ছিল। এখন সেই মাটি না থাকায় স্থানীয়রাই ক্ষতিগ্রস্ত হবে।

মাটি কেনে নেওয়ার ঘটনায় গত ১৫ নভেম্বর ইসলামপুর থানায় মামলা করেন গাইবান্ধা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. শাহজাহান কবীর আকন্দ। মামলায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে। নাম উল্লেখ করা ব্যক্তিরা হলেন গাইবান্ধা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ মিয়া, ওই ইউনিয়নের ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি একরামুল হক এবং ইসলামপুর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।

মামলার বাদী ও গাইবান্ধা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. শাহজাহান কবীর আকন্দ বলেন, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ইসলামপুর থানা-পুলিশের নেতৃত্বে ঘটনাস্থলে যাই এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে গত ১৫ নভেশ্বর নিয়মিত মামলা রুজু করি। মামলা প্রক্রিয়াধীন আছে। আমার জানামতে, এখন পর্যন্ত কোনো দায়ী ব্যক্তি গ্রেপ্তার হননি।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন বলেন, ইসলামপুর থানা বিষয়টি তদন্ত করছে। তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছেন। আমরা বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করছি। প্রাথমিকভাবে সত্যতা পাওয়ার পরিপ্রেক্ষিতে উদ্ধার করা চোরাই মাটি উদ্ধার এবং অন্যান্য আনুষঙ্গিক আইনগত বিষয় সম্পন্ন করে দ্রুত বিজ্ঞ আদালতে পুলিশ রিপোর্ট প্রদান করব।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. জুবায়ের বলেন, আমাদের খালের যে ক্ষতিগ্রস্ত অংশ, সেই অংশটি দেখে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপৎকালীন মেরামতের ব্যবস্থা করা হয়েছে। পাড়টিকে মোটামুটি একটি বাঁধ দিয়ে আটকানো হয়েছে, যাতে সব ধরনের দুর্ঘটনা থেকে আপাতত রক্ষা পাওয়া যায়, সেই ব্যবস্থা করা হয়েছে।