logo

আদাবরে পেট্রোলবোমা-গান পাউডারসহ ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

আদাবরে পেট্রোলবোমা-গান পাউডারসহ ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার
মো. মাহবুব হোসেন ও মো. রাশেদ কবির। ছবি: এসআরবি-২ সৌজন্যে

রাজধানীর আদাবর এলাকা থেকে ছয়টি পেট্রোলবোমা ও ৯৫০ গ্রাম গান পাউডারসহ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২।

সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে এসআরবি-২-এর মিডিয়া কর্মকর্তা মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার দুজন হলেন, ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন (২৯) এবং অপরজন মো. রাশেদ কবিরের (২৮)। এর মধ্যে মাহবুব হোসেনের বিরুদ্ধে একাধিক নাশকতা মামলা রয়েছে এবং রাশেদ কবিরের বাড়িও ঠাকুরগাঁও জেলায় বলে জানিয়েছে এসআরবি-২।

মেজর এম মুবীন রহমান তাপস জানান, সোমবার ভোর রাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, কয়েকজন দুষ্কৃতকারী নাশকতার জন্য আদাবর থানার শ্যামলী রিং রোড এলাকায় মোটরসাইকেল নিয়ে অবস্থান করছে। পরে সেখানে বিশেষ অভিযান চালিয়ে মোটরসাইকেল আরোহী মাহবুব ও রাশেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয়টি পেট্রোলবোমা ও ৯৫০ গ্রাম গানপাউডার জব্দ করা হয়।

জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যে তারা পেট্রোলবোমা ও গানপাউডার নিয়ে সেখানে অবস্থান করছিলেন বলে জানিয়েছে এসআরবি।