নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসের ওয়েস্টেজ কাপড় ও ঝুটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের তিন ইউনিটের এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার (৯ নভেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটের দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি ঝুটপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টা ৩৫ মিনিটের দিকে হঠাৎ ঝুটপল্লির একটি গোডাউনে আগুনের সূত্রপাত হয়। গোডাউনগুলোতে বিপুল পরিমাণ গার্মেন্টসের ওয়েস্টেজ কাপড় ও ঝুট মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আগুনের লেলিহান শিখা আশপাশের এলাকা থেকেও দেখা যায়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃষ্টির সময় বজ্রপাতের প্রভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন এশিয়া পোস্টকে জানান, জালকুড়ি ঝুটপট্টিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে চলে এসেছে, তবে গোডাউনের মালিককে পাওয়া যাচ্ছে না। তিনি পলাতক।
তিনি আরও বলেন, পরবর্তীতে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।


