দেশে নবম প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্টেট ইউনিভার্সিটি

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা মূল্যায়ন সংস্থা টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র্যাংকিংয়ে সাফল্য অর্জন করেছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)। সাম্প্রতিক প্রকাশিত র্যাংকিং অনুযায়ী, এসইউবি বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নবম স্থান অর্জন করেছে। একই সঙ্গে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় মিলিয়ে দেশব্যাপী ১৩তম অবস্থান এবং বৈশ্বিকভাবে ১০০১-১৫০০ র্যাংক ব্যান্ডে স্থান পেয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, এই অর্জন বিশ্ববিদ্যালয়টির সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, মানসম্মত শিক্ষা, গবেষণা ও সামাজিক প্রভাব বৃদ্ধির প্রতি ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।
এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আখতার হোসেন খান বলেন, ‘টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র্যাংকিংয়ে এই ধারাবাহিক অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের। এটি আমাদের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, প্রশাসন এবং অ্যালামনাইদের সম্মিলিত প্রচেষ্টার ফল।’
তিনি এই অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, অ্যালামনাই এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন জানান।
শুধু র্যাংকিং উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয়টি কাজ করছে না জানিয়ে ড. মোহাম্মদ আখতার বলেন, ‘একটি টেকসই, উদ্ভাবনী এবং সামাজিকভাবে দায়িত্বশীল বিশ্ববিদ্যালয় গড়ে তোলার লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি। এই অর্জন আমাদের ভবিষ্যৎ অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে।’
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এসইউবি গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক র্যাংকিংয়ে ধারাবাহিকভাবে অবস্থান ধরে রেখেছে। একই সঙ্গে প্রতি বছর উন্নতির ধারা বজায় রেখেছে। এই ধারাবাহিক অগ্রগতি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মান, গবেষণা সক্ষমতা এবং বৈশ্বিক প্রতিযোগিতামূলক অবস্থানকে আরও শক্তিশালী করছে।
এসইউবি এই অর্জনকে বিশ্ববিদ্যালয় পরিবারের সম্মিলিত সাফল্য হিসেবে উল্লেখ করেছে এবং ভবিষ্যতে আরও উন্নত অবস্থানে পৌঁছানোর দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছে।






