logo

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
‘প্রেসিডেন্সি চ্যাম্পিয়ন্স লিগ সিজন-৩’ এ বিজয়ী দলের আনন্দঘন মুহূর্ত। ছবি: বিশ্ববিদ্যালয় সৌজন্যে

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ‘প্রেসিডেন্সি চ্যাম্পিয়ন্স লিগ সিজন-৩’ সম্পন্ন হয়েছে। ‘কিক টু উইন’ স্লোগানকে সামনে রেখে গত ১৫ ও ১৮ নভেম্বর সান ভ্যালি স্পোর্টস ক্লাবে টুর্নামেন্টটি শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্ট উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান চৌধুরী ।

Advertisement

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান, ইউনিভার্সিটির প্রক্টর মো. আনিছুর রহমানসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের ১২টি দলের গ্রুপ পর্ব, কোয়াটার ফাইনাল, সেমি-ফাইনাল খেলা শেষে ফাইনালে পৌঁছায় ইকোনমিক্স থান্ডার্স ও ইংলিশ ভ্যালরস। ফাইনাল খেলায় দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করে। এতে ইকোনমিক্স থান্ডার্স জয় লাভ করে। প্রতিটি ম্যাচেই নিজ নিজ বিভাগের শিক্ষার্থীরা গ্যালারিতে উপস্থিত থেকে দলকে সমর্থন জানান। ১২টি দলের অংশগ্রহণ সবাইকে অনেক উৎফুল্ল করে।

শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চা, দলীয় মনোভাব এবং আন্তঃবিভাগ সম্পর্ক জোরদার করার লক্ষ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এই টুর্নামেন্টের আয়োজন করে আসছে। প্রথম আসর থেকেই শিক্ষার্থীদের অংশগ্রহণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং বর্তমানে এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষের অন্যতম প্রতীক্ষিত আয়োজনে পরিণত হয়েছে।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানায়, শ্রেণিকক্ষের শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক বিকাশের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে নিয়মিতভাবে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক উৎসব, বিভাগীয় ক্লাব কার্যক্রম এবং পেশাগত দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি আয়োজন করা হয়ে থাকে।