ফুটবলকে বিদায় জানালেন স্পেনের বিশ্বকাপজয়ী তারকা

বিশ্বকাপ জিতেছেন, চ্যাম্পিয়নস লিগ জিতেছেন, ইউরোপা লিগের শিরোপাও তুলেছেন দুইবার। স্পেনের সোনালি প্রজন্মের সদস্য হয়ে জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপ। ক্লাব ফুটবলে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে কাটিয়েছেন ক্যারিয়ারের সেরা সময়। দুই দশকের সেই বর্ণাঢ্য পথচলার এবার ইতি টানলেন হুয়ান মাতা। ৩৮ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার। বিদায়ের মুহূর্তে তার আবেগঘন বার্তা, ‘কখনো কখনো ভালোবাসার অর্থ ছেড়ে দেওয়া। ধন্যবাদ, ফুটবল।’
বুধবার (১৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে অবসরের সিদ্ধান্ত জানান মাতা। প্রায় ৫০ সেকেন্ডের ভিডিওটি ধারণ করা হয়েছে স্পেনের ওভিয়েদোর একটি ছোট ক্লাবের ড্রেসিংরুমে। শৈশবে যে ক্লাবে ফুটবলের হাতেখড়ি হয়েছিল, সেই হুভেন্তুদ এস্তাদিওর ড্রেসিংরুমে নিজের বুটজোড়া তুলে রাখার মাধ্যমে প্রতীকীভাবে ক্যারিয়ারের সমাপ্তি টানেন তিনি।
ভিডিওর পাশাপাশি প্রকাশিত বিদায়ী বার্তায় নিজের দীর্ঘ ফুটবলজীবনের নানা স্মৃতি তুলে ধরেছেন মাতা। কেন এত বছর খেলেছেন, ফুটবল তাকে কী দিয়েছে এবং ভবিষ্যতে কীভাবে খেলাটির সঙ্গে যুক্ত থাকতে চান, সেসব কথাও জানিয়েছেন সাবেক এই স্প্যানিশ তারকা।
মাতা বলেন, ‘এত বছর ধরে ফুটবল খেলতে পেরেছি, কারণ আমি খেলাটি উপভোগ করেছি। প্রতিদিন সকালে অনুশীলন আর ম্যাচ খেলার আগ্রহ নিয়ে ঘুম থেকে উঠতাম। সেটা ওল্ড ট্রাফোর্ড, স্ট্যামফোর্ড ব্রিজ কিংবা মেস্তায়ার মতো অসাধারণ স্টেডিয়ামেই হোক, অথবা ক্যারিয়ারের শুরুর দিকের সেই মাঠে, যেখানে প্রতি শীতেই কাদায় ভরে যেত। আমার মনে হয়, জীবনের সবকিছুতেই এই ভালোবাসা ও আবেগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
২০০৬ সালে রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার হয়ে পেশাদার ফুটবলের পথচলা শুরু করেন মাতা। তবে রিয়াল মাদ্রিদের মূল দলে খেলার সুযোগ হয়নি তাঁর। ২০০৭ সালে যোগ দেন ভ্যালেন্সিয়ায়। সেখানেই ইউরোপীয় ফুটবলে নিজের প্রতিভার পরিচয় দিতে শুরু করেন বাঁ পায়ের এই মিডফিল্ডার।
ভ্যালেন্সিয়ার হয়ে প্রথম মৌসুমেই বড় শিরোপার স্বাদ পান মাতা। ২০০৮ সালে কোপা দেল রে জেতে তার দল। স্প্যানিশ ক্লাবটিতে চার মৌসুম কাটিয়ে ২০১১ সালে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিতে যোগ দেন তিনি।
স্ট্যামফোর্ড ব্রিজে তার সময়টা ছিল ক্যারিয়ারের অন্যতম সেরা অধ্যায়। প্রথম মৌসুমেই চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ পান মাতা। ২০১২ সালে বায়ার্ন মিউনিখকে হারিয়ে প্রথমবার ইউরোপসেরা হয় চেলসি। একই বছর এফএ কাপও জেতেন তিনি।
পরের মৌসুমে চেলসির হয়ে ইউরোপা লিগ জেতেন এই স্প্যানিশ মিডফিল্ডার। মাঠে তার সৃষ্টিশীলতা, নিখুঁত পাস এবং সতীর্থদের গোলের সুযোগ তৈরি করে দেওয়ার দক্ষতা তাকে সমর্থকদের অন্যতম প্রিয় ফুটবলারে পরিণত করেছিল। টানা দুই মৌসুমে চেলসির বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতিও পান তিনি।
২০১৪ সালের জানুয়ারিতে চেলসি ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন মাতা। ওল্ড ট্রাফোর্ডে কাটান দীর্ঘ আট বছর। এই সময়ে ইউনাইটেডের হয়ে ২০১৬ সালে এফএ কাপ এবং ২০১৭ সালে লিগ কাপ ও ইউরোপা লিগ জেতেন তিনি। ২০১৬ সালের এফএ কাপ ফাইনালে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গুরুত্বপূর্ণ গোলও করেছিলেন এই মিডফিল্ডার।
তবে ক্লাব ক্যারিয়ারের পাশাপাশি স্পেন জাতীয় দলের হয়ে তার অর্জনও কম নয়। দেশের ফুটবলের ইতিহাসের অন্যতম সফল প্রজন্মের অংশ ছিলেন মাতা। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে শিরোপাজয়ী স্পেন দলে ছিলেন তিনি।
দুই বছর পর ইউরো চ্যাম্পিয়নশিপেও শিরোপা জেতেন মাতা। ইতালির বিপক্ষে ফাইনালে স্পেনের ৪-০ গোলের জয়ে শেষ গোলটি করেছিলেন তিনি। জাতীয় দলের হয়ে ৪১ ম্যাচে ১০ গোল করেছেন এই মিডফিল্ডার।
২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পরও ফুটবল থেকে দূরে সরে যাননি মাতা। নতুন অভিজ্ঞতার খোঁজে পাড়ি জমান তুরস্কে। গ্যালাতাসারাইয়ের হয়ে জেতেন তুর্কি লিগের শিরোপা। এরপর জাপানের ভিসেল কোবের হয়েও লিগ চ্যাম্পিয়ন হন।
ক্যারিয়ারের শেষ অধ্যায় কাটিয়েছেন অস্ট্রেলিয়ায়। ২০২৪ সালে ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সে যোগ দেওয়ার পর পরের বছর নাম লেখান মেলবোর্ন ভিক্টরিতে। বয়স ৩৭ পেরিয়ে গেলেও মাঠে নিজের দক্ষতা দেখিয়ে গেছেন তিনি।
বরং অস্ট্রেলিয়ায় শেষ মৌসুমে নতুন করে আলোচনায় আসেন মাতা। ২০২৫-২৬ মৌসুমে মেলবোর্ন ভিক্টরির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন। ৫ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করান ১৩ গোল।
সেই পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ অস্ট্রেলিয়ার এ-লিগের সেরা ফুটবলারের পুরস্কার জনি ওয়ারেন মেডেল জেতেন তিনি। পাশাপাশি মেলবোর্ন ভিক্টরির বর্ষসেরা খেলোয়াড়, সতীর্থদের ভোটে সেরা খেলোয়াড় এবং মৌসুমের সেরা গোলের পুরস্কারও পান।
গত সেপ্টেম্বরে মেলবোর্ন ভিক্টরির হয়ে আর না খেলার সিদ্ধান্ত জানিয়েছিলেন মাতা। তবে তখনই অবসরের ঘোষণা দেননি। নতুন ক্লাবের সন্ধান করবেন, নাকি ক্যারিয়ারের ইতি টানবেন, সেই সিদ্ধান্ত নিতে সময় চেয়েছিলেন। অবশেষে দুই মাস পর পেশাদার ফুটবলকে বিদায় জানালেন তিনি।
সব মিলিয়ে ২০ মৌসুমের পেশাদার ক্যারিয়ারে ৭০০টির বেশি ম্যাচ খেলেছেন মাতা। গোল করেছেন ১৫৮টি, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৭৫টি। তবে মাঠের সাফল্যের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডও তাঁর ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল।
২০১৭ সালে 'কমন গোল' নামে একটি সামাজিক উদ্যোগ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মাতা। এই উদ্যোগের মাধ্যমে ফুটবলার, কোচ ও ফুটবলসংশ্লিষ্ট ব্যক্তিদের নিজেদের আয়ের অন্তত এক শতাংশ সামাজিক উন্নয়নমূলক কাজে ব্যয় করতে উৎসাহিত করা হয়।
বিদায়ী বার্তায় তিনি বলেন, ‘সময়ের সঙ্গে বুঝতে পেরেছি, ফুটবল শুধু একটি বলে লাথি মারার বিষয় নয়। বড় হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশে ঘুরেছি, থেকেছি। তখন বুঝেছি, মানুষের জীবন পরিবর্তনে খেলাধুলা, বিশেষ করে ফুটবলের কত বড় ভূমিকা থাকতে পারে।’
তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন না মাতা। এরই মধ্যে মেলবোর্ন ভিক্টরির মালিকানায় সংখ্যালঘু অংশীদার হয়েছেন তিনি। গত জুনে ক্লাবটির মালিকানা গ্রহণের সিদ্ধান্তের পাশাপাশি অবসরের পর নতুন ফুটবল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার বিষয়টিও চূড়ান্ত হয়েছিল।
শুধু মেলবোর্ন ভিক্টরিই নয়, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব সান দিয়েগো এফসি এবং ফর্মুলা ওয়ানের আলপাইন দলের সঙ্গেও বিনিয়োগের মাধ্যমে যুক্ত রয়েছেন তিনি। ফলে মাঠের ফুটবলার হিসেবে বিদায় নিলেও খেলাটির উন্নয়নে কাজ করার সুযোগ থাকছে তার সামনে।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মাতা বলেন, ‘ফুটবল আমার জীবন থেকে হারিয়ে যাবে না। ফুটবলকে ভালোবাসার আরও অনেক উপায় আছে। মানুষের উন্নয়নের মাধ্যম হিসেবে খেলাটিকে ব্যবহার করারও অনেক সুযোগ রয়েছে।’
শেষ পর্যন্ত নিজের পরিচয়টাও স্পষ্ট করে দিয়েছেন সাবেক চেলসি ও ইউনাইটেড তারকা। তার ভাষায়, ‘আমি হয়তো পেশাদার ফুটবল খেলা বন্ধ করছি, কিন্তু কখনোই একজন ফুটবলার হওয়া বন্ধ করব না।’








