ব্রাজিলকে উড়িয়ে ফিনালিসিমা জিতল স্পেন

বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তাও আবার নিজেদের মাঠে। এমন প্রতিপক্ষকে হারানোই বড় অর্জন, আর গোলশূন্য রেখে তিন গোলে জয় তো আরও বিশেষ কিছু। ফুটসাল ফিনালিসিমার ফাইনালে সেটিই করে দেখিয়েছে স্পেন।
শেষ নয় মিনিটে তিন গোল করে ব্রাজিলকে ৩-০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো এই প্রতিযোগিতার শিরোপা জিতেছে হেসুস ভেলাসকোর দল। দুই ফুটসাল পরাশক্তির ৩৫ বারের মুখোমুখি লড়াইয়ে মাত্র দ্বিতীয়বারের মতো কোনো দল গোল করতে পারেনি। সেই বিরল নজিরও গড়েছে স্পেন।
বাংলাদেশ সময় সোমবার (৯ নভেম্বর) ভোরে ব্রাজিলের নিটেরোই অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালে অবশ্য শুরুটা ছিল স্বাগতিকদের দখলে। একের পর এক আক্রমণে স্পেনের রক্ষণকে ব্যস্ত রাখে ব্রাজিল। ম্যাচের শুরুর দিকেই সুবর্ণ সুযোগ নষ্ট করেন আর্থার। এরপর পিতোও একাধিকবার বিপজ্জনক হয়ে ওঠেন। তবে স্পেনের গোলরক্ষক দিদাক প্লানার দৃঢ়তায় গোলের দেখা পায়নি বিশ্বচ্যাম্পিয়নরা।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর বিরতি থেকে ফিরে খেলার নিয়ন্ত্রণ বাড়াতে থাকে স্পেন। তবে ব্রাজিলও সুযোগ তৈরি করছিল। অবশেষে ৩২তম মিনিটে আসে ম্যাচের প্রথম গোল। দ্রুতগতির পাল্টা আক্রমণে আন্তোনিও পেরেজের পাস থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন গন কাস্তেহোন। চোট পাওয়া মেলাদোর বদলি হিসেবে শেষ মুহূর্তে দলে ডাক পাওয়া এই খেলোয়াড়ই এগিয়ে দেন স্পেনকে।
পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়ায় ব্রাজিল। গোলরক্ষকের পরিবর্তে অতিরিক্ত আক্রমণাত্মক খেলোয়াড় নামিয়ে সমতায় ফেরার চেষ্টা করেন কোচ মারকিনিয়োস জাভিয়ের। কিন্তু সেই কৌশলই উল্টো বিপদ ডেকে আনে।
৩৯তম মিনিটে আদোলফো ও সেসিলিও মোরালেসের চাপে বল হারান ব্রাজিলের মার্সেল। সুযোগ কাজে লাগিয়ে ফাঁকা পোস্টে গোল করেন সেসিলিও। ব্যবধান দাঁড়ায় ২-০।
শেষ মিনিটে অবশ্য ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল ব্রাজিল। পিতোকে ফাউল করায় পাওয়া পেনাল্টি থেকে গোল করতে পারেননি দিয়েগো। তার শট ক্রসবারে লাগে। এর পরপরই নিজেদের অর্ধ থেকে ফাঁকা পোস্টে বল পাঠিয়ে স্পেনের তৃতীয় গোলটি করেন আন্তোনিও পেরেজ।
২০২২ সালের প্রথম ফুটসাল ফিনালিসিমায় পর্তুগালের কাছে টাইব্রেকারে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল স্পেনের। চার বছর পর সেই আক্ষেপ ঘুচল। চলতি বছর ইউরোপিয়ান ফুটসাল চ্যাম্পিয়নশিপ জয়ের পর ফাইনালিসিমাও নিজেদের করে নিল তারা।
অন্যদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পর্তুগালকে ৩-১ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। ফলে গত আসরের চ্যাম্পিয়নদের এবার চতুর্থ স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।

