logo

জুরাইনে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচি

জুরাইনে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচি
জুরাইনে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডেঙ্গু সচেতনতা কর্মসূচি পালিত। ছবি : এশিয়া পোস্ট

ঢাকার শ্যামপুরের জুরাইন রেলগেট এলাকায় ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি ও উপকরণ বিতরণ কর্মসূচি পালন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল তিনটায় জুরাইন রেলগেট এলাকার বিক্রমপুর প্লাজার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে স্থানীয় মানুষের মধ্যে মশারি ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। তিনি ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন পরামর্শ দেন। একই সঙ্গে বাসাবাড়ি, অফিস, দোকান, রাস্তাঘাট ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সবাইকে অনুরোধ করেন।

অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আগামী এক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় সবাইকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে এ দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হওয়ার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন। তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। এলাকাবাসীর পক্ষ থেকে তিনি ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের উপদেষ্টা ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম, ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ ড. খন্দকার মাহফুজুল হক বাচ্চু, কৃষিবিদ শফিউল আলম দিদার, প্রকৌশলী মো. মাহবুব আলম, প্রকৌশলী এ কে এম জহিরুল ইসলাম, হাফিজ আল আসাদ সাঈদ খান, প্রকৌশলী উমাশা উমায়ুন মনি চৌধুরীসহ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ।

ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি ও উপকরণ বিতরণ কমিটি (দক্ষিণ)-২০২৬-এর আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সদস্যসচিব অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন (জুয়েল)-এর সঞ্চালনায় কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণের পাশাপাশি প্রায় ৪০০ জনের মধ্যে মশারি বিতরণ করা হয়।