১০ তরুণ পেলেন জেসিআই বাংলাদেশের সম্মাননা

সমাজে ইতিবাচক পরিবর্তন এবং বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে অবদান রাখার স্বীকৃতি হিসেবে ১০ তরুণ-তরুণীকে সম্মানিত করেছে জেসিআই বাংলাদেশ।
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর রেডিসন ব্লু হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত ‘টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পারসনস (টিওওয়াইপি) অব বাংলাদেশ ২০২৬’ গালা অনুষ্ঠানে তাদের সম্মাননা দেওয়া হয়।
বায়োবিল্ড ডেভেলপমেন্ট লিমিটেডের প্রেজেন্টিং স্পনসরশিপ এবং রিদমের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি।
জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদ অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথি ও পুরস্কারপ্রাপ্তদের স্বাগত জানান। অনুষ্ঠানের উপদেষ্টা এরফান হক এবং ইভেন্ট ডিরেক্টর শেখ মতিউর রহমান ও জাফির শাফি অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
১০টি বিভাগে এবার টিওওয়াইপি বাংলাদেশ ২০২৬ পুরস্কার পেয়েছেন-
১. মানবিক নেতৃত্বে অবদানের জন্য সংসদ সদস্য ডা. সুনসিলা জাবরিন প্রিয়াঙ্কা।
২. নৈতিক নেতৃত্বে অবদানের জন্য মোহাম্মদ মহসিন।
৩. সংস্কৃতিতে অবদানের জন্য সামানজার সাঈদ।
৪. ব্যবসায়িক সাফল্যে অবদানের জন্য আমিদ সাকিফ খান।
৫. একাডেমিক নেতৃত্বে অবদানের জন্য লিসা সাহা।
৬. উদ্যোক্তা হিসেবে সাফল্যের জন্য কাজী আশিকুর রাসুল।
৭. স্বেচ্ছাসেবামূলক নেতৃত্বে অবদানের জন্য মোহাম্মদ জহিরুল ইসলাম।
৮. ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য আফেইদা খন্দকার।
৯. অর্থনৈতিক উন্নয়নে অবদানের জন্য মো. রাসেল বিন আহাদ।
১০. ব্যক্তিগত সাফল্যে অবদানের জন্য আফসান আরা বিন্দু।
অনুষ্ঠানের সিলভার স্পনসর হিসেবে ছিল স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, কার্টিভেল, মিউচুয়াল লজিস্টিকস সলিউশন, ইংলিশ থেরাপি, সেভেন সিজ শিপিং লাইনস, ইস্টার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এবং রেড কার্পেট।
অনুষ্ঠানের ক্রিয়েটিভ পার্টনার ছিল সিঙ্গুলারিটি লিমিটেড, কফি পার্টনার ক্রিমসন কাপ, গিফট পার্টনার ক্রাফটিমান, রিফ্রেশমেন্ট পার্টনার জেফির ও ল্যামবার্ট এবং ফ্যাশন পার্টনার ছিল হারমিজন।
জেসিআই বাংলাদেশ আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) একটি অংশ। এটি একটি বৈশ্বিক নেটওয়ার্ক, যা নেতৃত্বের বিকাশ, সামাজিক সম্পৃক্ততা এবং সক্রিয় নাগরিকত্বের মাধ্যমে তরুণদের ইতিবাচক পরিবর্তন সৃষ্টিতে সক্ষম করে তোলার লক্ষ্যে কাজ করে।
