নিউজিল্যান্ডে আন্তর্জাতিক পুরস্কার পেল নারায়ণগঞ্জের সিটি পার্ক ও বাবুরাইল খাল প্রকল্প

দখল-দূষণে বিপর্যস্ত খাল পুনরুদ্ধার এবং পরিত্যক্ত জলাশয়কে জনবান্ধব নগর পার্কে রূপান্তরের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে নারায়ণগঞ্জের সিটি পার্ক ও বাবুরাইল খাল পুনরুদ্ধার প্রকল্প। ২০২৬ সালের কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্টস এর রিজিওনাল বিভাগে প্রকল্পটি বিজয়ী হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের অকল্যান্ডে অনুষ্ঠিত সিএএ’র সাধারণ সভায় এক অনুষ্ঠানে প্রকল্পের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ‘ভিত্তি স্থপতি বৃন্দ লিমিটেড’-এর প্রতিষ্ঠাতা পরিচালক স্থপতি ইশতিয়াক জহির তিতাস এবং সহপ্রতিষ্ঠাতা ও প্রধান স্থপতি স্থপতি ইকবাল হাবিব। প্রতিষ্ঠানটি সিটি পার্ক ও বাবুরাইল খাল—উভয় প্রকল্পের পরামর্শক ও নকশা প্রণয়নকারী হিসেবে কাজ করেছে।
প্রায় তিন কিলোমিটার দীর্ঘ বাবুরাইল খাল একসময় শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর মধ্যে গুরুত্বপূর্ণ জলপথ হিসেবে ব্যবহৃত হতো। পণ্য ও যাত্রীবাহী নৌযান চলাচলের পাশাপাশি খালটি ছিল নগরবাসীর জীবনযাত্রা ও বিনোদনের অংশ। কিন্তু দীর্ঘদিনের দখল, বর্জ্য ও দূষণে খালটি একপর্যায়ে প্রায় মৃতপ্রায় হয়ে পড়ে।
পুনরুদ্ধার প্রকল্পের মাধ্যমে খালটির জলপ্রবাহ ফিরিয়ে আনার পাশাপাশি দুই পাড়ে হাঁটার পথ, সেতু, সবুজায়ন ও বিভিন্ন ধরনের জনপরিসর গড়ে তোলা হয়। স্থানীয় মানুষের ব্যবহার, পরিবেশ সংরক্ষণ এবং জলভিত্তিক নগরপরিসরকে গুরুত্ব দিয়ে করা এ পরিকল্পনা নারায়ণগঞ্জের নগরজীবনে নতুন মাত্রা যোগ করেছে।
বিশ্বব্যাংকের সহযোগিতায় বাস্তবায়িত বাবুরাইল খাল পুনরুদ্ধার প্রকল্পটি এর আগে ইউএন-হ্যাবিট্যাটের ‘এশিয়ান টাউনস্কেপ জুরি অ্যাওয়ার্ড-২০১৬’ এবং ইউএনডিপির ‘স্মার্ট সিটি ইনোভেশন অ্যাওয়ার্ড-২০১৭’ অর্জন করে।
অন্যদিকে, নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় প্রায় ১৮ একর জায়গায় গড়ে ওঠা সিটি পার্ক একসময় ছিল পরিত্যক্ত জলাশয় ও ময়লার ভাগাড়। তৎকালীন নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়রের উদ্যোগে জায়গাটি সংস্কার ও সৌন্দর্যবর্ধনের মাধ্যমে আধুনিক নগর পার্কে রূপ দেওয়া হয় বর্তমানে এটি নারায়ণগঞ্জ নগরবাসীর অন্যতম জনপ্রিয় বিনোদন ও অবসর কাটানোর স্থান।
সিটি পার্ক ও বাবুরাইল খাল—দুটি প্রকল্পই ঘনবসতিপূর্ণ নারায়ণগঞ্জ শহরে মানুষের জন্য উন্মুক্ত ও নান্দনিক গণপরিসর তৈরির পাশাপাশি পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। হাঁটাচলা, পরিবার নিয়ে সময় কাটানো ও বিনোদনের সুযোগের সঙ্গে এসব প্রকল্প নগরবাসীর জন্য সবুজ ও নির্মল পরিবেশে স্বস্তির পরিসরও তৈরি করেছে।
দখল ও দূষণে ক্ষতিগ্রস্ত স্থানকে পুনরুদ্ধার করে মানুষের জন্য উন্মুক্ত ও পরিবেশবান্ধব নগরপরিসরে রূপান্তরের এই উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে সিএএ’র সামাজিক প্রভাব পুরস্কারকে নারায়ণগঞ্জের নগর উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।


