ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের অনুমোদন

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সঙ্গে দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একীভূতকরণ প্রক্রিয়াকে অনুমোদন দিয়েছে শেয়ারহোল্ডাররা। এর মধ্য দিয়ে প্রযুক্তিপণ্য খাতের শীর্ষ এই দুই প্রতিষ্ঠানের একীভূতকরণ প্রক্রিয়া কার্যকর করার লক্ষ্য আরও এক ধাপ এগিয়ে গেল।
বুধবার (৩ জুন) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির বিশেষ সাধারণ সভায় ডিজি-টেক একীভূতকরণ প্রস্তাবনাকে ওয়ালটন হাই-টেকের শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে অনুমোদন দিয়েছে।
এই একীভূতকরণ ওয়ালটন হাই-টেকের প্রোডাক্ট লাইন আরও শক্তিশালী করার পাশাপাশি কোম্পানির বাজার সম্প্রসারণ, কার্যক্ষমতা বৃদ্ধি এবং পরিচালন ব্যয় হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যার সুফল পাবেন ওয়ালটন হাই-টেকের শেয়ারহোল্ডাররা।
ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং কোম্পানি সচিব মো. রফিকুল ইসলামের (এফসিএস) সঞ্চালনায় ও ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম শামছুল আলমের সভাপতিত্বে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত সভায় অংশ নেন কোম্পানির ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম, উদ্যোক্তা পরিচালক এস এম নূরুল আলম রেজভী ও এস এম রেজাউল আলম, পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভী, তাহমিনা আফরোজ, রাইসা সিগমা হিমা এবং সাবিহা জারিন অরনা, স্বতন্ত্র পরিচালক ড. সাদিকুল ইসলাম ও জোহরা বিবিসহ কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উল্লেখযোগ্যসংখ্যক প্রাতিষ্ঠানিক ও সাধারণ শেয়ারহোল্ডার।
