নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জামাল ভূঁইয়া

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদ-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকার হোটেল শেরাটনে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহর উপস্থিতিতে উভয়পক্ষ চুক্তিপত্রে স্বাক্ষর করে। ছয় মাস মেয়াদি এই চুক্তির অধীনে জামাল ভূঁইয়া নগদের বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম ও গ্রাহক সম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগে অংশ নেবেন। এই উদ্যোগ দেশজুড়ে তরুণ সমাজ ও ক্রীড়াপ্রেমীদের আর্থিক অন্তর্ভুক্তিতে উদ্বুদ্ধ করবে বলে আশা করা হচ্ছে।
নগদের নতুন অ্যাম্বাসেডর হয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জামাল ভূঁইয়া বলেন, নগদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমার চমৎকার। আজ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হতে পেরে আমি আনন্দিত ও সম্মানিত। বিশেষ করে বিশ্বকাপ নিয়ে নগদের সাম্প্রতিক ক্যাম্পেইনটি খুবই দারুণ ছিল। নগদ ক্রমাগত উদ্ভাবন ও গ্রাহকবান্ধব সেবার মাধ্যমে দেশের ডিজিটাল লেনদেনে বিপ্লব ঘটিয়েছে। তাদের বিভিন্ন ক্যাম্পেইন ও উপহারের উদ্যোগ প্রতিষ্ঠানটিকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে গেছে।
জাতীয় দলের অধিনায়ককে স্বাগত জানিয়ে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, জামাল ভূঁইয়াকে নগদ পরিবারে আন্তরিক স্বাগতম। বাংলাদেশের ফুটবলারদের সাথে নগদের একটি সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলার পরিকল্পনা আমাদের ছিল। শুধু জামাল ভূঁইয়া নন, আগামী দিনে আরও তারকা খেলোয়াড়দের নগদ পরিবারের সঙ্গে যুক্ত করা হবে। নগদ সব সময় দেশের ক্রীড়া ও ক্রীড়াবিদদের পাশে থাকবে।
অনুষ্ঠানে নগদের সিনিয়র সহযোগী প্রশাসক সৈয়দ হীমঈয়ানউদ্দিন আহমেদ, সহযোগী প্রশাসক আনোয়ার উল্লাহ, চিফ কমার্শিয়াল অফিসার শাহীন সারওয়ার ভূঁইয়া, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আফজাল আহমেদ এবং হেড অব মার্কেটিং এইচ ইউ এম মেহেদী সাজ্জাদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



