logo

ঋণ করে কেনা চারটি গরু মারা গেল সড়ক দুর্ঘটনায়

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, গোপালগঞ্জ
ঋণ করে কেনা চারটি গরু মারা গেল সড়ক দুর্ঘটনায়
খালে মৃত গরু। ছবি: এশিয়া পোস্ট

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে একটি গরুবোঝাই ট্রাক। এ সময় চারটি গরুর মৃত্যু হয়েছে। আরও চারটি গরু জীবিত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২২ মে) ভোর সাড়ে ৫টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলা ও কোটালীপাড়া উপজেলার সীমান্তবর্তী কাজুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকে থাকা আটটি গরু চুয়াডাঙ্গা জেলার শিয়ালমারি গরুর হাট থেকে বৃহস্পতিবার দুপুরে কেনা হয়েছিল। গরুগুলো বরিশালের বানারীপাড়া উপজেলার বাওলিয়া গরুর হাটে নেওয়া হচ্ছিল। কাজুলিয়া এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে পানিতে চারটি গরু মারা যায়। স্থানীয় বাসিন্দা ও কোটালীপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা চারটি গরু জীবিত উদ্ধার করেন। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন।

উদ্ধারকাজে অংশ নেওয়া স্থানীয় নেয়ামত উল্লাহ বলেন, ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে ঘটনাস্থলে যাই। দেখি ট্রাক খালে পড়ে গেছে গরুগুলো পানিতে ছটফট করছে।

উজিরপুর উপজেলার কাউয়ারেখা গ্রামের রানা বেপারি ও মশাং গ্রামের লিটন বেপারি গরুগুলো কোরবানির হাটে বিক্রির জন্য কেনেন।

রানা বেপারি বলেন, মারা যাওয়া চারটি গরুর দাম প্রায় ১০ লাখ টাকা। ঋণ করে গরুগুলো কিনেছিলাম। ভেবেছিলাম ঈদের হাটে বিক্রি করে কিছু লাভ হবে, সংসারটা একটু ভালোভাবে চলবে। কিন্তু এক দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল। পুরোপুরি নিঃস্ব হয়ে গেলাম।

লিটন বেপারি বলেন, সারারাত রাস্তায় ছিলাম। আর একটু হলেই হাটে পৌঁছে যেতাম। আল্লাহ বাঁচাইছে, আমরা বেঁচে আছি। কিন্তু গরুগুলা মারা যাওয়ায় অনেক বড় ক্ষতি হয়ে গেছে।

কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. সিরাজুল ইসলাম জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খালে পড়ে যায়। ধারণা করা হচ্ছে, চালক ঘুমের ঘোরে ছিলেন। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের নিচ থেকে চারটি গরুকে মৃত অবস্থায় উদ্ধার করি এবং জীবিত গরুগুলো নিরাপদে বের করে আনি।