কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন ৯২ হাজার ছাড়িয়েছে

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য ৯২ হাজার ৭৭৬টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে বাংলা, ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে সবচেয়ে বেশি আবেদন করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর পুনর্মূল্যায়নের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আশানুরূপ আবেদন জমা পড়েছে। ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পুনর্মূল্যায়নের কাজ শেষ করে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
বোর্ড সূত্রে জানা গেছে, গত ৮ নভেম্বর পর্যন্ত উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন গ্রহণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বিপুলসংখ্যক শিক্ষার্থী তাদের ফলাফল পুনর্বিবেচনার আবেদন করেছেন। এদিকে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ০৪ শতাংশ। গত বছর এ হার ছিল ৪৮ দশমিক ৮৬ শতাংশ। অর্থাৎ গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে। বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর মোট ৯২ হাজার ১৬২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৪ হাজার ২৭২ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩১৩ জন।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম জানান, ফলাফলের পরিসংখ্যানে দেখা গেছে, এবারও ছাত্রীদের পাসের হার ছাত্রদের তুলনায় ভালো। এ বছর পরীক্ষায় অংশ নেওয়া ৫৫ হাজার ৪৩৪ জন ছাত্রীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৮ হাজার ৪১৫ জন। অন্যদিকে, ৩৬ হাজার ৭২৮ জন ছাত্রের মধ্যে পাস করেছেন ১৫ হাজার ৮৫৭ জন। শিক্ষা বোর্ডের তথ্যমতে, এ বছর কুমিল্লা বোর্ডের অধীনে ৪৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে চারটি প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছেন। বিপরীতে ১৫টি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেননি।
বোর্ডের বিগত পাঁচ বছরের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০২২ সালের পর থেকে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ধারাবাহিকভাবে কমেছে। ২০২২ সালে পাসের হার ছিল ৯০ দশমিক ৭২ শতাংশ, ২০২৩ সালে ৭৫ দশমিক ৩৯ শতাংশ, ২০২৪ সালে ৭১ দশমিক ১৫ শতাংশ এবং ২০২৫ সালে ৪৮ দশমিক ৮৬ শতাংশ। চলতি বছর তা আরও কমে দাঁড়িয়েছে ৪৮ দশমিক ০৪ শতাংশে।
