বজ্রপাতে বাড়ির উঠানে প্রাণ গেল ছাত্রশক্তি নেতার

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বজ্রপাতে মজনু মিয়া (২৫) নামে জাতীয় ছাত্রশক্তির এক নেতার মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার জোড়খালি ইউনিয়নের হাটমাগুরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মজনু মিয়া ওই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। তিনি মাদারগঞ্জ উপজেলা ছাত্রশক্তির একজন সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয়রা জানান, এদিন দুপুরে বৃষ্টির সময় নিজ বাড়ির উঠানে কাজ করছিলেন মজনু মিয়া। এ সময় হঠাৎ প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারান। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে জামালপুর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আমিমুল এহসান বলেন, আমরা শোকাহত। সে আমাদের মাদারগঞ্জ উপজেলার একজন সক্রিয় কর্মী ছিলেন। আর ২ দিনের মধ্যে আমাদের উপজেলার কমিটি পাবলিস্ট করা হতো। সে গুরুত্বপূর্ণ একটা পদে থাকতেন। আল্লাহ যেনো তাকে বেহেশত নসিব করেন।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায়, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং এটি একটি প্রাকৃতিক দুর্যোগ হওয়ায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
