logo

তাজমিনের কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

তাজমিনের কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর
স্কুলশিক্ষার্থী জান্নাতুল তাজমিনের কথিত প্রেমিক রিয়াজ উদ্দিন রাজু। ছবি: এশিয়া পোস্ট

কুমিল্লায় স্কুলশিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৫) হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক তার কথিত প্রেমিক রিয়াজ উদ্দিন রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করেছে কক্সবাজার সদর থানা পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লার গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে তাকে হস্তান্তর করা হয়। এর আগে রোববার রাত ১০টার দিকে কক্সবাজার শহরের কলাতলীর লালোয়া রিসোর্টের সামনে অভিযান চালিয়ে রাজুকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। আটক রাজু বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বড়ঘোনা এলাকার মনির আহমেদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাজমিন হত্যাকাণ্ডের তদন্তে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তা ও অনুসন্ধানের ভিত্তিতে রাজুর সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসে। মাত্র ১৭ দিনের সম্পর্কের সূত্র ধরে রাজু তাজমিনকে কক্সবাজারে নিয়ে আসে। স্বামী-স্ত্রী পরিচয়ে তারা মেঘলা রিসোর্টে ওঠেন। সেখানে এক রাত থাকার পরের দিন তাজমিনকে বাসে তুলে দেন রাজু।

গত ৭ অক্টোবর বাড়ি ফেরার পথে কুমিল্লার লালমাই উপজেলায় হত্যার শিকার হয় তাজমিন। পরদিন সকালে ভোরালজগপুর উত্তরপাড়া গ্রামের একটি ধানক্ষেতের আইল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়।