ধানক্ষেত থেকে হাতি তাড়াতে গিয়ে কৃষকের মৃত্যু

কক্সবাজারের রামুর ঈদগড়ে ফসলি জমির ধান রক্ষা করতে গিয়ে বন্যহাতির আক্রমণে আব্দুর রশিদ ওরফে খুইল্যা মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঈদগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মইত্যাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঈদগড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে ধানক্ষেতে বন্যহাতির দল হানা দিলে তা তাড়াতে যান আব্দুর রশিদ। এ সময় হাতির আক্রমণে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্বজনদের বরাত দিয়ে চেয়ারম্যান আরও জানান, প্রতিদিনের মতো সকালে কৃষিকাজ করতে জমিতে গিয়েছিলেন আব্দুর রশিদ ও তার শ্যালক। এ সময় পাশের বন থেকে একদল বন্যহাতি ধানের জমিতে নেমে আসে। হাতি তাড়াতে গেলে আব্দুর রশিদ আক্রমণের শিকার হন। তার শ্যালক দৌড়ে পালিয়ে প্রাণ বাঁচালেও আব্দুর রশিদ সরতে পারেননি। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
