logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

জামালপুরে সোনালি আঁশের বাজার চাঙা, দামে কৃষকের মুখে হাসি

জামালপুরে সোনালি আঁশের বাজার চাঙা, দামে কৃষকের মুখে হাসি
জামালপুরে সোনালি আঁশের বাজার চাঙা, দাম বাড়ার কৃষকের মুখে হাসি। ছবি: এশিয়া পোস্ট

শুরুতে দাম কম থাকায় পাট বিক্রি করেননি অনেক কৃষক। বাড়তি দামের আশায় ঘরেই মজুত রেখেছিলেন সোনালি আঁশ। সেই অপেক্ষার সুফল মিলছে এখন। দুই মাসের ব্যবধানে জামালপুরে প্রতি মণ পাটের দাম বেড়েছে প্রায় ১ হাজার ৭০০ টাকা। বর্তমানে মানভেদে প্রতি মণ পাট বিক্রি হচ্ছে ৪ হাজার ৮০০ থেকে ৫ হাজার টাকায়। মজুত পাট বিক্রি করে বাড়তি দাম পাওয়ায় খুশি কৃষকরা।

জেলার সবচেয়ে বড় পাটের হাট ইসলামপুর উপজেলার গুঠাইল বাজার। সেখানে ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে পাট নিয়ে আসেন কৃষকরা। যমুনার চরাঞ্চল থেকে অনেক কৃষক নৌকায় করেও পাট নিয়ে আসেন। হাটে ছোট-বড় মিলিয়ে শতাধিক পাইকার পাট কেনাবেচা করছেন। বর্তমানে সেখানে প্রতি মণ পাট বিক্রি হচ্ছে ৪ হাজার ৮০০ থেকে ৫ হাজার টাকায়।

Advertisement

কৃষক ও ব্যবসায়ীরা জানান, গত সেপ্টেম্বরে প্রতি মণ পাটের দাম ছিল প্রায় ৩ হাজার ৩০০ টাকা। পরে তা বেড়ে ৩ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৮০০ টাকায় ওঠে। বর্তমানে দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৮০০ থেকে ৫ হাজার টাকায়। দুই মাসের ব্যবধানে প্রতি মণে দাম বেড়েছে প্রায় ১ হাজার ৭০০ টাকা।

ছবি: এশিয়া পোস্ট
ছবি: এশিয়া পোস্ট

পাটচাষিদের হিসাবে, প্রতি বিঘা জমিতে পাট চাষে খরচ হয়েছে ১০ থেকে ১২ হাজার টাকা। ফলন হয়েছে ১২ থেকে ১৪ মণ। মৌসুমের শুরুতে দাম কম থাকায় অনেক কৃষক পাট বিক্রি না করে বাড়িতে মজুত রেখেছিলেন। এখন দাম বাড়ায় তারা সেই পাট বাজারে আনছেন।

পাটচাষি সফিকুল ইসলাম বলেন, শুরুর দিকে পাটের দাম কম ছিল। তাই বিক্রি না করে বাড়িতে রেখে দিয়েছিলাম। এখন দাম বেড়েছে। বর্তমান দামে পাট বিক্রি করে আমরা অনেকটাই খুশি।

আরেক চাষি আলম মিয়া বলেন, পাটের দাম প্রথমে কম থাকায় তখন সব পাট বিক্রি করিনি। কিছু পাট বিক্রি করেছিলাম, আবার কিছু বাড়িতে রেখে দিয়েছিলাম। এখন বাজারে দাম বাড়ছে দেখে বাকি পাটও বিক্রি করার চিন্তা করছি। সোমবার ১৫ মণ পাট ৪ হাজার ৮০০ টাকা মণ দরে বিক্রি করেছি। আগে যে পাট ৩ হাজার ৩০০ টাকা মণ দরে বিক্রি করতে হয়েছে, এখন সেই পাটের দাম অনেক বেশি। এতে আমাদের কিছুটা লাভ হচ্ছে। তবে পাট চাষে খরচও কম নয়। শ্রমিকের মজুরি, সার, বীজসহ সবকিছুর দাম বেশি। পাটের দাম এ রকম থাকলে কৃষকরা পাট চাষে আরও আগ্রহী হবেন।

ছবি: এশিয়া পোস্ট
ছবি: এশিয়া পোস্ট

পাট ব্যবসায়ী সোলায়মান হোসেন বলেন, মৌসুমের শুরুতে পাটের দাম কম ছিল। এখন অনেক বেড়েছে। শুরুতে কম দামে পাট কিনে যেসব ব্যবসায়ী গুদামে রেখেছিলেন, তারাও এখন অনেকটাই লাভবান হবেন। এ ছাড়া যেসব কৃষক পাট মজুত রেখেছিলেন, তারাও এখন বিক্রি করে খুশি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর জেলায় ২৩ হাজার ১০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ২৩ হাজার ৫১৪ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। উৎপাদন হয়েছে ৫৪ হাজার ২১৬ টন পাট।

জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খান বলেন, বর্তমানে পাটের দাম বেশ ভালো। এতে পাট বিক্রি করে কৃষকরা খুশি। এ বছর জেলায় ৫৪ হাজার ২১৬ টন পাট উৎপাদিত হয়েছে। কৃষকদের সব সময় কৃষি বিভাগের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে।

আকরাম হোসেন

সম্পাদনা

আকরাম হোসেন

সহকারী বার্তা সম্পাদক | এশিয়া পোস্ট