মেহেরপুরে ৯৬ ল্যান্ডমাইন উদ্ধার, মধুগাড়ী ঘাটে নিষ্ক্রিয়

মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের এক পরিত্যক্ত জমি থেকে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বিস্ফোরক নিষ্ক্রিয়কারী (বোম্ব ডিসপোজাল) দল। উদ্ধার হওয়া মাইনগুলোর মধ্যে ৭৯টি অ্যান্টি-পার্সোনেল মাইন এবং ১৭টি অ্যান্টি-ট্যাংক মাইন। পরে পার্শ্ববর্তী মধুগাড়ী এলাকার মাথাভাঙ্গা নদীর ঘাটে বিশেষ সতর্কতায় মাইনগুলো নিরাপদভাবে নিষ্ক্রিয় করা হয়।
সোমবার (১০ আগস্ট) দুপুর ২টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিট পর্যন্ত চলে এই দীর্ঘ উদ্ধার ও নিষ্ক্রিয়করণ অভিযান। যশোর সেনানিবাসের ৩ নম্বর ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের মেজর তারিকুল ইসলাম ও ক্যাপ্টেন ইরফানের নেতৃত্বে বোম্ব ডিসপোজাল গ্রুপ এ অভিযান পরিচালনা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বেতবাড়িয়া গ্রামের কালু মালিথার একটি পরিত্যক্ত জমি খননের সময় মাইনসদৃশ বস্তু দেখতে পান স্থানীয়রা। প্রথমে ১০টি চাকতি ও পাঁচটি বক্সসদৃশ বস্তু নজরে আসে। কয়েকটি বস্তুর গায়ে ইংরেজিতে ‘MPI 1967 MINE A/PERS ND P2 MK2’ লেখা ছিল।
বিষয়টি জানাজানি হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকাটি নিরাপত্তাবেষ্টনীতে ঘিরে ফেলে। পরবর্তী সময়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাব, পুলিশ ও গ্রাম পুলিশের সদস্যরা ঘটনাস্থল পাহারা দিতে থাকেন এবং সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে থাকার নির্দেশনা দেওয়া হয়।
সেনাবাহিনীর বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে আধুনিক প্রযুক্তির সাহায্যে মাটির নিচে তল্লাশি চালিয়ে একে একে ৯৬টি শক্তিশালী মাইন উদ্ধার করে।
উদ্ধারের পর মাইনগুলো জনবসতি থেকে দূরে মধুগাড়ী গ্রামের মাথাভাঙ্গা নদীর ঘাটসংলগ্ন ফাঁকা মাঠে মাটির নিচে পুঁতে বিশেষ ব্যবস্থায় বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। একপর্যায়ে বিস্ফোরণের প্রচণ্ড বিকট শব্দে আশপাশের কয়েকটি গ্রাম কেঁপে ওঠে। তবে পুরো কার্যক্রম সম্পূর্ণ নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
মাইন উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই ঘটনাস্থলে উৎসুক জনতার ঢল নামে। তবে দীর্ঘ ৪৮ ঘণ্টার চরম উদ্বেগ ও আতঙ্কের পর মাইনগুলো নিরাপদভাবে নিষ্ক্রিয় করা হলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোরশেদ চৌধুরী বলেন, যশোর ক্যান্টনমেন্ট থেকে আসা সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের দলটি প্রযুক্তি ব্যবহার করে মাটি খুঁড়ে ৭৯টি অ্যান্টি-পার্সোনেল ও ১৭টি অ্যান্টি-ট্যাংক মাইন উদ্ধার করে। পরে মধুগাড়ী গ্রামে মাথাভাঙ্গা নদীর তীরবর্তী মাঠে সেগুলো নিরাপদভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
.png)


