Advertisement

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল জিপিএ-৫

এশিয়া পোস্ট নিউজ, কুমিল্লা
মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল জিপিএ-৫
শিহাব।ছবি: সংগৃহীত

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের মাত্র দুই দিন আগে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ার কিশোর শিহাব।

Advertisement

সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে সেই শিহাবই অর্জন করেছে ‘জিপিএ-৫’। কৃতি সন্তানের এমন অভূতপূর্ব সাফল্যের দিনে যেখানে পরিবারে আনন্দের জোয়ার ভাসার কথা, সেখানে একমাত্র ছেলেকে হারিয়ে পুরো বাড়িজুড়ে এখন শুধুই কান্নার রোল ও নিস্তব্ধতা।

নিহত শিহাব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মানরা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। সে ঢাকার বিমানবন্দর উচ্চবিদ্যালয় থেকে চলতি বছর বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিহাবের বাবা তোফাজ্জল হোসেন ঢাকায় তৈরি পোশাক ব্যবসার সঙ্গে যুক্ত। তিন ভাই-বোনের মধ্যে শিহাব ছিল পরিবারের একমাত্র ছেলে, তার দুটি ছোট বোন রয়েছে। চাচা তাজুল ইসলামের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গত বৃহস্পতিবার (৬ আগস্ট) পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামের বাড়িতে আসে শিহাব।

শনিবার (৮ আগস্ট) দুপুরে গোসল শেষে বাড়ির ছাদে ভেজা কাপড় শুকাতে যায় শিহাব। এ সময় বিয়ের আলোকসজ্জার জন্য টানা ট্রাসের রঙিন বাতির তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। গুরুতর অবস্থায় উদ্ধার করে পাশের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার সন্ধ্যায় গ্রামের বাড়িতেই শিহাবের দাফন সম্পন্ন হয়।

শিহাবের চাচা তাজুল ইসলাম বলেন, আমার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই ওরা পরিবার নিয়ে গ্রাম এসেছিল। শিহাব ছিল তার বাবা-মায়ের একমাত্র ছেলেসন্তান। ও এভাবে চলে যাবে কল্পনাও করতে পারিনি।

সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর স্বজনেরা জানতে পারেন, শিহাব ‘জিপিএ-৫’ পেয়েছে। ফলাফলের খবর স্বজনদের জন্য আনন্দের হওয়ার কথা থাকলেও, বাস্তবে তা রূপ নিয়েছে শোকাচ্ছন্ন গভীর বেদনায়।

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, শিহাব অত্যন্ত মেধাবী ছিল। এসএসসিতে তার এমন ফলাফল পরিবার ও এলাকার জন্য গর্বের হলেও, ফল প্রকাশের আগেই তার অকালপ্রয়াণ সবাইকে স্তব্ধ করে দিয়েছে।

শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ বলেন, বিয়ের আনন্দপূর্ণ মুহূর্তে শিহাবের অকাল মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। তার আত্মার মাগফিরাত কামনায় মঙ্গলবার পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নি ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। আমরা পরিবারের খোঁজখবর নিয়েছি এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানকে পরিবারটির পাশে থেকে সার্বিক সান্ত্বনা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয় :