মাছের খামারে বিষ প্রয়োগ, ১০ লাখ টাকার মাছ নিধন

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার পাঁচকিত্তা গ্রামে পূর্বশত্রুতার জেরে মাছের খামারে বিষ প্রয়োগ করে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বুড়িচং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মাছচাষি সেলিম আহমেদ (৬০)।
জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে দুর্বৃত্তরা গ্রামের প্রায় ৪০ শতাংশ আয়তনের একটি মাছের খামারে কীটনাশক প্রয়োগ করে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে পুকুরে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির সব মাছ মরে পানিতে ভেসে ওঠে। প্রজেক্টে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা মূল্যের মাছ ছিল বলে দাবি করেছেন মালিক সেলিম আহমেদ।
সেলিম আহমেদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, গত পাঁচ-ছয় বছর ধরে আমার অর্থ, ঘাম ও শ্রমের সবটুকু দিয়ে এই মাছের প্রজেক্ট গড়ে তুলেছি। এটিই ছিল আমার স্বপ্ন ও জীবিকার অন্যতম অবলম্বন। বৃহস্পতিবার রাতেও মাছে খাবার দিয়েছি, তখন সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু সকালে এসে দেখি, পুকুরের সব মাছ মরে পানিতে ভেসে উঠেছে। এই দৃশ্য আমি কীভাবে সহ্য করব? পূর্বশত্রুতার জের ধরেই আমার ওপর এমন জুলুম করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।
এদিকে মাছের প্রজেক্টে গোপনে বিষ প্রয়োগের ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা। শুক্রবার সকাল থেকেই পুকুরে মরে ভেসে ওঠা মাছ দেখতে ভিড় করেন গ্রামবাসী।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য শাহ আলম বলেন, সাম্প্রতিক সময়ে এ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। কিছুদিন আগেও একাধিকবার বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, কিশোর গ্যাং-সংক্রান্ত মামলা এবং বাড়িতে চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ অবস্থায় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা প্রয়োজন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।





