logo

ই-ক্যাব নির্বাচনে মনোনয়নপত্র তুলতে বাধা, প্রার্থীদের লাঞ্ছিত

ই-ক্যাব নির্বাচনে মনোনয়নপত্র তুলতে বাধা, প্রার্থীদের লাঞ্ছিত
ঘটনাস্থল। ছবি: ই-ক্যাব নেতাদের সৌজন্যে

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) আসন্ন নির্বাচন ঘিরে অনিয়ম ও প্রার্থীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। মনোনয়নপত্র সংগ্রহ করতে গিয়ে দুই প্রার্থী শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।

গত ১১ ও ১২ নভেম্বর ই-ক্যাব কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন তারা।

Advertisement

অভিযোগ অনুযায়ী, ই-ক্যাবের সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করতে গেলে মুহাম্মাদ ইসমাইল হোসাইন ও হোসনে আরা নুরী নওরীনকে বাধা দেন একই পদে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী কাজী মুকিতুজ্জামান মুকিত। এ সময় মুকিতের সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি তাদের সঙ্গে অসদাচরণ করেন বলেও অভিযোগ ক‌রেন।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা জানায়, হোসনে আরা নুরী নওরীন ই-ক্যাব কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলে তাকে টেনেহিঁচড়ে সরিয়ে দেওয়া হয়। এতে তিনি শারীরিকভাবে লাঞ্ছিত হন। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহের নির্ধারিত অর্থ জমা দেওয়ার পর মুহাম্মাদ ইসমাইল হোসাইনের মানি রিসিপ্ট কেড়ে নেওয়া হয়। পরে তাকে ধাক্কা দিয়ে কক্ষ থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন।

তারা আরও জানান, মু‌কিত অন্য কোনো প্রার্থী‌কে ম‌নোনয়ন গ্রহণ কর‌তে দেননি। তিনি একাই সাধারণ সম্পাদক প‌দে ম‌নোনয়ন সংগ্রহ ক‌রে‌ছেন এবং দ‌লের ক্ষমতা দে‌খি‌য়ে একতরফা নির্বাচ‌ন কর‌তে চান।

মুহাম্মাদ ইসমাইল হোসাইন এশিয়া পোস্ট‌কে ব‌লেন, ‘সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য আমি টাকা জমা দিয়েছিলাম। এরপর মনোনয়ন ফরম সংগ্রহের রসিদটি আমার হাত থেকে নিয়ে আমাকে কক্ষ থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। এ সময় কাজী মুকিতুজ্জামান মুকিতের লোকজন ও কয়েকজন বহিরাগত সেখানে উপস্থিত ছিলেন। মুকিতও ঘটনাস্থলে ছিলেন।’

তিনি আরও বলেন, ‘সাধারণ সম্পাদক পদে অন্য কাউকে প্রার্থী হতে দেওয়া হয়নি। মূলত একজনকে ঘিরেই পুরো প্রক্রিয়াটি পরিচালিত হচ্ছে।’

তবে অভিযোগ অস্বীকার করেছেন কাজী মুকিতুজ্জামান মুকিত। তিনি এশিয়া পোস্ট‌কে বলেন, ‘আমি এ ধরনের কোনো ঘটনা ঘটাইনি। হোসনে আরা নূরীকে থানায় নেওয়ার পর আমি নিজে গিয়ে আমার জিম্মায় নিয়ে আসি। তিনি ই-ক্যাবের সদস্য এবং সহকর্মী। তার সঙ্গে আমার কোনো বিরোধ হয়নি।’

ইসমাইল হোসাইনের অভিযোগ প্রসঙ্গে মুকিত বলেন, ‘তিনি মনোনয়ন ফরম কেনেননি, শুধু টাকা জমা দিয়েছেন। ফরম না কিনলে তাকে কীভাবে প্রার্থী ঘোষণা করা হবে?’

তিনি আরও বলেন, ‘ইসমাইল নিজেই আমাকে বলেছিলেন, তিনি আমার প্যানেলে থাকতে চান। পরে জমা দেওয়া এক লাখ টাকা ফেরত চাওয়ার কথা জানান। আমি তাকে বলেছি, টাকা ই-ক্যাবের অ্যাকাউন্টে জমা হয়েছে। তাই সংগঠনের কাছে আবেদন করলে নিয়ম অনুযায়ী টাকা ফেরত পাবেন।’

অন্যদিকে, হোসনে আরা নুরী নওরীন বলেন, ‘ই-ক্যাবের নির্বাচন একতরফা করার চেষ্টা চলছে। একজন সাধারণ উদ্যোক্তা ও প্রার্থী হিসেবে তাকে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। বিষয়গুলো নিয়ে ই-ক্যাবের নির্বাচন বোর্ড ও নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি। আমি কোনো রাজ‌নৈ‌তিক দ‌লের সদস্য না, সরাসরি দলীয় রাজনীতির সঙ্গেও যুক্ত নই। আইটি খাতের উন্নয়ন এবং নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি। এ খাতের উন্নয়নের বিষয়ে সংরক্ষিত নারী আসন থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎও করেছি।’

ই-ক্যাবের সদস্য প্রায় তিন হাজার। তবে দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় সদস্যদের মধ্যে নির্বাচনী আগ্রহ কমেছে । অনেক সদস্যকে বোঝানোর পরও সদস্যপদ নবায়ন করানো যাচ্ছে না। বর্তমানে চূড়ান্ত ভোটার তালিকায় ৭১০ জনের নাম রয়েছে।

এর আগে নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও তা শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায়। এবার আগামী ১৯ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহের সময় ১২ ডিসেম্বর শেষ হয়েছে।

নির্বাচন ঘিরে এমন অভিযোগ সংগঠনটির নির্বাচনী পরিবেশ ও প্রার্থীদের অংশগ্রহণের সুযোগ নিয়ে প্রশ্ন তুলেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সব প্রার্থীর জন্য সমান সুযোগ, নিরাপত্তা এবং মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার ক্ষেত্রে বাধাহীন পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। এ জন্য নির্বাচন বোর্ড ও কমিশনের কার্যকর ভূমিকা জরুরি।

নূর মামুন

সম্পাদনা

নূর মামুন

জ্যেষ্ঠ সহসম্পাদক | এশিয়া পোস্ট