প্রতিবেশীর ক্ষেতে ছড়ানো বিষ মেশানো ডাল খেয়ে অর্ধশতাধিক কবুতরের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালীতে প্রতিবেশীর ধানক্ষেতে ছড়িয়ে রাখা বিষ মেশানো ডাল খেয়ে অর্ধশতাধিক কবুতরের মৃত্যুর অভিযোগ উঠেছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কবুতর খামারি অদুদ হাওলাদার।
শনিবার (১৪ নভেম্বর) উপজেলার সদর ইউনিয়নের ১৯ নম্বর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবেশী অসীম হাওলাদারের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী অদুদ হাওলাদারের দাবি, প্রতিবেশী অসীম হাওলাদারের ধানক্ষেতে ছড়িয়ে রাখা বিষ মেশানো ডাল খেয়ে তার খামারের অর্ধশতাধিক কবুতর মারা গেছে। বিষয়টি নিয়ে তিনি স্থানীয় বাসিন্দা শাহিন চৌকিদারকে নালিশ জানান। পরে অভিযুক্ত অসীম হাওলাদারের মেয়ে তার মাকে নিয়ে অদুদ ও শাহিনকে গালাগালি করেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় শাহিন চৌকিদারের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন অদুদ।
আহত শাহিন চৌকিদার জানান, কবুতর মারা যাওয়ার বিষয়টি শুনে তিনি অদুদ হাওলাদারের বাড়িতে যান। সেখান থেকে ফেরার পথে অসীম হাওলাদারের স্ত্রী ও মেয়ে তাকে গালাগালি করেন। পরে একপর্যায়ে তার ওপর হামলা চালানো হয়। এ সময় ধস্তাধস্তি শুরু হলে ডাকাডাকি শুনে তার ছোট ভাই রাজিব চৌকিদার ঘটনাস্থলে ছুটে আসেন। তিনিও হামলার শিকার হয়ে আহত হন।
অভিযোগের বিষয়ে অসীম হাওলাদার বলেন, আমি ধানক্ষেতে কোনো ধরনের বিষ প্রয়োগ করিনি। গ্রামে আরও অনেকের ধানক্ষেত রয়েছে, অন্য কেউ বিষ প্রয়োগ করতে পারে। নিজের ক্ষেতে বিষাক্ত কিছু ব্যবহার করলে আমি প্রতিবেশীদের জানিয়ে দেই।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ঘটনাটি তদন্তের জন্য একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
