logo

ইনফান্তিনোর নেতৃত্বে ক্ষুব্ধ ক্লপ, চান নতুন ফিফা সভাপতি

ইনফান্তিনোর নেতৃত্বে ক্ষুব্ধ ক্লপ, চান নতুন ফিফা সভাপতি
ইয়র্গেন ক্লপ ও জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: কোলাজ

এক দশক আগে দুর্নীতির কেলেঙ্কারিতে জর্জরিত ফিফার নেতৃত্ব থেকে বিদায় নিতে হয়েছিল সেপ ব্ল্যাটারকে। তার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেওয়া জিয়ান্নি ইনফান্তিনোর হাত ধরে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটিতে পরিবর্তনের আশা ছিল অনেকের। কিন্তু দশ বছর পর সেই প্রত্যাশার ঠিক উল্টো ছবি দেখছেন ইয়ুর্গেন ক্লপ। জার্মানির কোচের মতে, ব্ল্যাটারের আমলের চেয়েও খারাপ অবস্থায় পৌঁছেছে ফিফা। তাই ইনফান্তিনোকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার আহ্বান জানিয়েছেন সাবেক লিভারপুল কোচ।

সোমবার (১৬ নভেম্বর) নেদারল্যান্ডসের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের ম্যাচ খেলবে জার্মানি। সেই ম্যাচের আগে রোববার (১৫ নভেম্বর) বার্লিনে সংবাদ সম্মেলনে ফিফার বর্তমান নেতৃত্ব নিয়ে প্রশ্নের মুখোমুখি হন ক্লপ। সেখানেই ইনফান্তিনোর কড়া সমালোচনা করেন ৫৯ বছর বয়সী এই জার্মান কোচ।

বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির প্রতিবেদন অনুযায়ী, ক্লপ বলেন, ‘সেপ ব্ল্যাটারের পর পরিস্থিতি আরও খারাপ হতে পারে, এমনটা ভাবিনি। কিন্তু একজন সেটাও করে দেখিয়েছেন।’

ফিফার নেতৃত্বে পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন ক্লপ। তবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির ভেতরের সবকিছু বিচার করার মতো তথ্য তার কাছে নেই বলেও স্বীকার করেন তিনি।

জার্মান কোচ বলেন, ‘অনেক বছর ধরে ফুটবল অনুসরণ করছি। এ বিষয়ে আমার চেয়েও অনেক বেশি জানেন, এমন মানুষ আছেন। তবে আমার মনে হয়, এখন বেশির ভাগ মানুষই একমত হবেন যে পরিবর্তন আনা যুক্তিসংগত।’

ফিফার ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে ক্লপের বক্তব্য আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে সংস্থাটির আগামী সভাপতি নির্বাচন সামনে রেখে। ২০২৭ সালের ১৮ মার্চ মরক্কোর রাবাতে অনুষ্ঠিত হবে ফিফার পরবর্তী সভাপতি নির্বাচন। বর্তমান সভাপতি ইনফান্তিনো ইতোমধ্যে পুনর্নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। তার বিরুদ্ধে প্রার্থী হওয়ার সময়সীমা শেষ হবে আগামী বুধবার (১৮ নভেম্বর)।

ইনফান্তিনোর বিদায়ের পর নতুন কেউ দায়িত্ব নিলে পরিস্থিতির উন্নতি সম্ভব বলেই মনে করেন ক্লপ। তিনি বলেন, ‘এখন আমরা মনে করছি, ইনফান্তিনো চলে গেলে পরবর্তী কেউ হয়তো আরও ভালো করতে পারবেন। আমার বিশ্বাস, আরও ভালোভাবে কাজ করা সম্ভব।’

ফুটবলের নেতৃত্বে বাণিজ্যিক স্বার্থের প্রভাব নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক বরুসিয়া ডর্টমুন্ড কোচ। তার মতে, ফিফার মতো সংস্থা পরিচালনায় এমন মানুষ প্রয়োজন, যাদের কাছে আর্থিক লাভের চেয়ে খেলাটির ভবিষ্যৎ বেশি গুরুত্বপূর্ণ।

ক্লপ বলেন, ‘নিশ্চয়ই এমন মানুষ আছেন, যারা ফুটবলের ভবিষ্যৎ নিয়ে সত্যিকার অর্থেই ভাবেন এবং এর সঙ্গে তাদের ব্যক্তিগত আর্থিক স্বার্থ জড়িত নেই। তারা যদি একত্র হন এবং তাদের কেউ সভাপতি হন, তাহলে সেটি অবশ্যই সহায়ক হবে।’

ক্লপের এই সমালোচনার পেছনে রয়েছে ফিফার সাম্প্রতিক নেতৃত্বসংক্রান্ত বিতর্ক। গত জুলাইয়ে বিশ্বকাপসহ সংস্থাটির বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নামে নতুন একটি প্রতিষ্ঠান গড়ার পরিকল্পনা সামনে আসে। প্রস্তাব অনুযায়ী, ওই প্রতিষ্ঠানের সর্বোচ্চ ২০ শতাংশ অংশীদারত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির সুযোগ রাখা হয়েছিল।

কিন্তু পরিকল্পনাটি প্রকাশ্যে আসতেই তীব্র বিরোধিতা শুরু হয়। উয়েফার পাশাপাশি এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ও কনক্যাকাফও ফিফার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলে। সদস্যদেশগুলোর সঙ্গে যথাযথ আলোচনা না করার অভিযোগ ওঠে ইনফান্তিনোর বিরুদ্ধে।

শেষ পর্যন্ত ব্যাপক বিরোধিতার মুখে গত ৩১ জুলাই পরিকল্পনাটি প্রত্যাহার করে ফিফা। পরদিন এক বিবৃতিতে সিদ্ধান্তকে স্বাগত জানায় উয়েফা। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, ফুটবলের ভবিষ্যৎ ও স্বার্থ রক্ষার দায়িত্ব সদস্যদেশগুলোর। খেলাটির বাণিজ্যিক অধিকার বেসরকারি বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়ার প্রস্তাব তারা সমর্থন করতে পারে না।

এই বিতর্কের পর থেকেই ইনফান্তিনোর নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান আরও কঠোর করেছে উয়েফা। আগামী নির্বাচনে তার বিপক্ষে শক্তিশালী প্রার্থী দাঁড় করানোর চেষ্টাও চলছে।

সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছিল সাবেক আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারের নাম। বর্তমানে ফিফার বৈশ্বিক ফুটবল উন্নয়ন বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন তিনি। তবে রোববার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েঙ্গার।

সংবাদ সম্মেলনে ওয়েঙ্গারের প্রসঙ্গও ওঠে। তাকে ভালো মানুষ ও অসাধারণ কোচ হিসেবে প্রশংসা করেন ক্লপ। তবে তার মতে, একজন সফল কোচের দক্ষতা এবং ফিফার মতো আন্তর্জাতিক সংস্থা পরিচালনার যোগ্যতা এক বিষয় নয়। এ ধরনের দায়িত্ব পালনে বিভিন্ন পক্ষের স্বার্থের মধ্যে ভারসাম্য রক্ষা করার সক্ষমতাও প্রয়োজন।

ফিফার নেতৃত্ব নিয়ে ক্লপের এমন মন্তব্যের ঐতিহাসিক প্রেক্ষাপটও রয়েছে। ১৯৯৮ সাল থেকে সংস্থাটির সভাপতি ছিলেন সেপ ব্ল্যাটার। ২০১৫ সালে দুর্নীতির একের পর এক অভিযোগের মধ্যে পদত্যাগের ঘোষণা দেন তিনি। পরে সাবেক উয়েফা সভাপতি মিশেল প্লাতিনিকে ২০ লাখ সুইস ফ্রাঁ দেওয়ার ঘটনায় ফৌজদারি মামলার মুখোমুখি হন।

তবে ওই মামলায় ২০২২ সালে প্রথম বিচারে এবং ২০২৫ সালের মার্চে আপিলের শুনানিতেও খালাস পান ব্ল্যাটার ও প্লাতিনি। একই বছরের আগস্টে সুইস কৌঁসুলিরা আর আপিল না করার সিদ্ধান্ত নেওয়ায় মামলাটির সমাপ্তি ঘটে। এর আগে ফিফার নৈতিকতা কমিটি ব্ল্যাটারকে ফুটবলসংশ্লিষ্ট কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছিল।

ব্ল্যাটারের পতনের পর ২০১৬ সালে ফিফার সভাপতি নির্বাচিত হন ইনফান্তিনো। দায়িত্ব নেওয়ার পর ফুটবলের বিশ্বব্যাপী প্রসার এবং সদস্যদেশগুলোর উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর বিষয়টি গুরুত্ব দিয়ে আসছেন তিনি। তবে সাম্প্রতিক বাণিজ্যিক বিতর্ক তার নেতৃত্ব নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।

এমন পরিস্থিতিতে বিশ্ব ফুটবলের অন্যতম পরিচিত কোচ ক্লপের সরাসরি সমালোচনা ইনফান্তিনোবিরোধী অবস্থানকে নতুন মাত্রা দিল। তবে নির্বাচনে বাস্তব পরিবর্তন আনতে হলে তাঁর বিরোধীদের আগে গ্রহণযোগ্য প্রার্থী খুঁজে বের করতে হবে। মনোনয়ন জমার সময়সীমা শেষ হওয়ার আগে সেটিই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট