গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না: সেলিম ভূঁইয়া

আগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তিনি বলেছেন, গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) আয়োজিত ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিম ভূঁইয়া বলেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট আমলে অনেক শিক্ষক জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। আবার যেসব শিক্ষক ফ্যাসিস্টদের দোসর হিসেবে কাজ করেছেন, তাদের প্রমাণসহ তালিকা দেবেন। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা কারও ওপর জুলুম বা অন্যায় করতে চাই না। তবে আমাদের দুর্বল মনে করলে ছেড়েও দেব না।
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটকের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তাকে আটকের পর অনেকেই সমালোচনা করছেন। একজন বয়স্ক মানুষকে আটক করা নিয়ে প্রশ্ন তুলছেন। অথচ বিএনপি নেতা এম কে আনোয়ারকেও ৮৬ বছর বয়সে আদালতের বারান্দায় ঘুরতে হয়েছে। তাকে ধরে ধরে আদালতে নেওয়া হতো, এমনকি হাতকগড়া পরানো হয়েছিল।
নিজের রাজনৈতিক জীবনে নির্যাতনের অভিজ্ঞতার কথা তুলে ধরে সেলিম ভূঁইয়া বলেন, আমাকেও হাতকড়া পরিয়ে টেনেহিঁচড়ে আদালতে নেওয়া হয়েছে। আমার বিরুদ্ধে ৪০টি মামলা ছিল। পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা আমাকে তুলে নিয়েছিলেন। এমনকি যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় বাসে আগুন দেওয়ার অভিযোগও আমার বিরুদ্ধে আনা হয়েছিল। আমরা অতীতের ঘটনা ভুলে যাইনি। তবে প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। কাউকে দুর্বল ভাবার সুযোগ নেই।
শিক্ষাব্যবস্থায় বিগত ১৭ বছরে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে সেলিম ভূঁইয়া বলেন, ওই সময়ে পাঠ্যবইয়ে শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ হিসেবে উপস্থাপন করা হয়েছে। শিক্ষকদের দিয়ে এসব বিষয় লেখানো এবং শিক্ষার্থীদের পড়ানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ ক্ষেত্রে শিক্ষকদের ব্যবহার করা হয়েছিল বলে দাবি করেন এই সংসদ সদস্য।
১৯৭৪ সালের দুর্ভিক্ষের প্রসঙ্গ টেনে শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ হিসেবে উপস্থাপনের বিষয়ে নিজের আপত্তির কথা জানান সেলিম ভূঁইয়া। তিনি বলেন, ওই দুর্ভিক্ষে মানুষ না খেয়ে রাস্তায় মারা গেছেন। এমনকি অনেকের মরদেহ দাফন করার মতো লোকও পাওয়া যায়নি।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) কুমিল্লা জেলা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক পলাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের পরিচালক শহিদ উল্লাহ মজুমদার এবং বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন।
সম্মেলন পরিচালনা করেন বাকশিসের সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক অধ্যাপক সারোয়ার জাহান দোলন এবং সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. নেছার আহমেদ রাজু।






