জনগণের সেবা দিন, দুলাভাইয়ের মতো মর্যাদা দেব: প্রতিমন্ত্রী রাজিব

‘আপনারা জনগণকে প্রকৃত সেবা দিন, আমি আপনাদের দুলাভাইয়ের মতো মর্যাদা দেব’—বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে এ কথা বলেছেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য রাজিব আহসান।
শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে মেহেন্দিগঞ্জ পৌর ভবনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় প্রতিমন্ত্রী বলেন, পৌরসভার প্রতিটি নাগরিক সেবা স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে নিশ্চিত করতে হবে। জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ প্রদান, পৌরকর আদায়, সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, সুপেয় পানি সরবরাহ ও পানি নিষ্কাশনসহ সব ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি বন্ধ করতে হবে। কোনো কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, কর্মকর্তা-কর্মচারীদের মূল দায়িত্ব জনগণের সেবক হিসেবে কাজ করা। নিয়মের মধ্যে থেকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নাগরিকদের সেবা দিতে হবে। যারা দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সেবা নিশ্চিত করবেন, তাদের যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়া হবে। এ প্রসঙ্গেই রসিকতা করে তিনি দুলাভাইয়ের মতো মর্যাদা দেওয়ার কথা বলেন।
পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের আমন্ত্রণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক মো. রিয়াজুর রহমান। সভায় পৌরসভার গত দুই থেকে তিন অর্থবছরের আয়-ব্যয়, রাজস্ব আদায় ও ব্যয় ব্যবস্থাপনার চিত্র পর্যালোচনা করা হয়। এ সময় পৌর এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, আধুনিক ড্রেনেজ ও পানি নিষ্কাশনব্যবস্থা গড়ে তোলা এবং পৌরসভার জন্য স্থায়ী ভবন নির্মাণের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি নাগরিক সেবার প্রতিবন্ধকতা ও চলমান সমস্যাগুলো তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় পৌরসভার প্রকৌশলীসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন এবং উপজেলা ও পৌর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। সভায় প্রতিমন্ত্রী পৌরসভার উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার পাশাপাশি নাগরিকদের দোরগোড়ায় মানসম্মত সেবা পৌঁছে দিতে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।






