বরিশালের নিখোঁজ বিচারক নাদীম কুয়াকাটায় উদ্ধার

মুঠোফোন বন্ধ রেখে কুয়াকাটায় ঘুরতে গিয়েছিলেন বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের অধীন মেহেন্দিগঞ্জ ও উজিরপুর সিভিল জজ আদালতের সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদীম।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) তৎপরতায় সন্ধ্যা সাড়ে ৬টায় কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিখোঁজ বিচারক শেখ ফারহান নাদীম একাকী ঘুরতে গিয়েছিলেন এবং তার সঙ্গে অন্য কেউ ছিলেন না। মুঠোফোন নম্বরটি বন্ধ থাকায় পুলিশ কিছুটা চিন্তিত ছিল। তবে তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন।
এর আগে, গত ১৭ নভেম্বর বিকেলে অফিস শেষ করে আদালত থেকে বের হন সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদীম। তিনি বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডের একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে বসবাস করতেন। ওই দিন আদালত থেকে বের হওয়ার পর তিনি আর বাসায় ফেরেননি।
দুই দিনেও তার খোঁজ না পাওয়ায় বুধবার (১৮ নভেম্বর) পরিবারের পক্ষে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের নাজির সৈয়দ মাঈনুল হাসান।





