নানকের বাসভবনে আগুন

বরিশাল নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের বাসভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে নগরের বটতলা এলাকায় তার বাসভবনে এ ঘটনা ঘটে। এ সময় বাসভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি কয়েকটি জানালার কাচ ভাঙচুর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাতে একদল বিক্ষুব্ধ নেতাকর্মী নানকের বাসভবনে হামলা চালান। তারা ইটপাটকেল নিক্ষেপ করে কয়েকটি জানালা ভাঙচুর করেন। একপর্যায়ে বাসভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এদিকে আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বরিশালের বিভিন্ন সড়ক ও মহাসড়কে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির খবর পাওয়া গেছে। বুধবার রাতে বরিশাল-ঢাকা ও বরিশাল-খুলনা মহাসড়কের পৃথক স্থানে গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর সৈয়দ শামসুদ্দোহা আবিদ নিজের ফেসবুক পেজে দুটি ভিডিও প্রকাশ করে এসব কর্মসূচির কথা জানান। তার দাবি, সাবেক সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতের পক্ষ থেকে মহানগর যুবলীগের নেতাকর্মীরা পৃথকভাবে এসব কর্মসূচি পালন করেন।
আবিদের দেওয়া তথ্য অনুযায়ী, বরিশাল-ঢাকা মহাসড়কের নগরের গড়িয়ারপাড় এলাকায় এবং বরিশাল-খুলনা মহাসড়কের একটি স্থানে অবরোধ করে বিক্ষোভ করা হয়। তবে বরিশাল-খুলনা মহাসড়কের সুনির্দিষ্ট স্থান উল্লেখ করেননি তিনি।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি সড়কে গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন। এ সময় তাদের আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে স্লোগান দিতে শোনা যায়। তবে সবার মুখে মুখোশ থাকায় বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় ও সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, তাদের কাছে মেট্রোপলিটন পুলিশের আওতাধীন মহাসড়কের কোনো অংশে অবরোধ বা প্রতিবন্ধকতা সৃষ্টির খবর ছিল না।
এ ছাড়া বুধবার রাতে বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর রাজীব হোসেন খানের অনুসারীদের বিরুদ্ধেও গড়িয়ারপাড় এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। তবে ওই প্রতিবন্ধকতাও বেশিক্ষণ স্থায়ী হয়নি।




