দেশের প্রথম ‘ছানিমুক্ত জেলা’ হবে সিরাজগঞ্জ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের প্রথম ‘ছানিমুক্ত জেলা’ হিসেবে সিরাজগঞ্জকে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। এ লক্ষ্যে জেলায় প্রাথমিক পর্যায়ে ১৮ থেকে ২০ হাজার ছানি আক্রান্ত রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হবে বলে জানান তিনি।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সিরাজগঞ্জ সদর উপজেলার ইসলামিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। পরে তিনি ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন।
সকাল থেকেই কলেজ মাঠে চক্ষু চিকিৎসা নিতে আসা মানুষের ভিড় দেখা যায়। দূর-দূরান্ত থেকে আসা নারী-পুরুষ, বিশেষ করে বয়স্ক ব্যক্তিরা চিকিৎসা নিতে লাইনে দাঁড়ান। তাদের অনেকেই দীর্ঘদিন ধরে ঝাপসা দৃষ্টির সমস্যায় ভুগছিলেন। আর্থিক সংকটের কারণে চিকিৎসা করাতে না পারা এসব মানুষের জন্য ক্যাম্পটি চিকিৎসা নেওয়ার সুযোগ তৈরি করেছে।
প্রতিমন্ত্রী বলেন, চোখের আলো মানুষের অমূল্য সম্পদ। রাজনৈতিক সহিংসতা ও আন্দোলনে অনেক মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছেন। আমরা চাই, দেশের কোনো মানুষ যেন অর্থের অভাবে চোখের চিকিৎসা থেকে বঞ্চিত না হন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মানুষের দোরগোড়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের মানুষ তার নেতৃত্বের প্রতি আস্থা রেখেছেন। আমরা জনসেবার রাজনীতিতে বিশ্বাসী এবং সেই আস্থার প্রতিদান দিতে চাই।
তিনি আরও বলেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের সেবা করা। এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে দরিদ্র ও অসহায় মানুষও বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসা পাবেন। সিরাজগঞ্জকে ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার উদ্যোগ সেই পরিকল্পনারই অংশ। পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় এ কর্মসূচি ছড়িয়ে দেওয়া হবে।
প্রতিমন্ত্রী ক্যাম্পের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তিনি রোগীদের সঙ্গে কথা বলেন, চিকিৎসকদের খোঁজখবর নেন এবং সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। চিকিৎসা নিতে আসা রোগীরাও প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ক্যাম্পে দেশের স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞরা রোগীদের বিনা মূল্যে চোখ পরীক্ষা, ছানিসহ বিভিন্ন চক্ষুরোগের চিকিৎসা পরামর্শ এবং চশমার পাওয়ার নির্ণয় করেন। পরীক্ষা-নিরীক্ষার পর ছানি আক্রান্ত রোগীদের তালিকাভুক্ত করে তাদের বিনা মূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে। অস্ত্রোপচারের পর প্রয়োজনীয় ওষুধ ও পরবর্তী চিকিৎসাসেবাও বিনামূল্যে দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার), সিরাজগঞ্জ এম এ মতিন মেমোরিয়াল চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. শফিকুল ইসলাম, জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা, চিকিৎসক, স্বেচ্ছাসেবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।







