পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের

নাটোরের লালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বেড়িলাবাড়ী জামতলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো বেড়িলাবাড়ী জামতলা গ্রামের সিরাজুল হকের তিন বছর বয়সী মেয়ে শিউলী খাতুন এবং একই এলাকার আনারুল ইসলামের তিন বছর দুই মাস বয়সি মেয়ে আফিয়া খাতুন। সম্পর্কে তারা আপন চাচাতো বোন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ও নিহত শিশুদের পরিবার জানায়, দুপুরে শিশু শিউলী ও আফিয়া বাড়ির পাশের একটি জমিতে খেলছিল। খেলাধুলার একপর্যায়ে সবার অগোচরে তারা পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও তাদের না পেয়ে পরবর্তীতে বাড়ির পাশের কৃষিজমির একটি পুকুরে শিশুদের ভাসতে দেখেন স্থানীয়রা।
পরে তাদের উদ্ধার করে দ্রুত রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিক অনুসন্ধান এবং শিশু দুটির বাবা-মা ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
