বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয়: নাহিদ ইসলাম

বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ পরিস্থিতি থেকে উত্তরণে নির্বাচনি ব্যবস্থার সংস্কারের প্রস্তাব দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী পৌর মিলনায়তনে পাঁচ জেলার নেতাকর্মীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম। সভায় সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
নির্বাচনি পরিবেশ নিয়ে উদ্বেগ জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদ, স্বৈরাচার, নতুন চাঁদাবাজ ও দুর্নীতিবাজরা এখন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। সরকারদলীয় নেতাকর্মীদের অন্তর্কোন্দলে কয়েকশ মানুষ নিহত ও আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
নাহিদ ইসলামের অভিযোগ, নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন দলীয়করণের শিকার হয়েছে। এমন পরিস্থিতিতে সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন আয়োজন সম্ভব নয়।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ১১ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনে সুস্পষ্ট প্রস্তাব দেওয়া হবে। ওই প্রস্তাবের ভিত্তিতে নির্বাচন আয়োজনের দাবি জানানো হবে। তবে এনসিপি নির্বাচনে নিজস্ব দলীয় পরিচয়ে অংশ নেবে, কোনো জোটের প্রার্থী হিসেবে নয়।
দেশে মাদক সিন্ডিকেটের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপির আহ্বায়ক বলেন, রাজনৈতিক প্রশ্রয় ছাড়া মাদক সিন্ডিকেট টিকে থাকতে পারে না। আগে আওয়ামী লীগ মাদক কারবারিদের প্রশ্রয় দিত, এখন বিএনপি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলামের দাবি, মাদক সিন্ডিকেটের সঙ্গে সরকারদলীয় নেতাকর্মীদের সম্পৃক্ততা রয়েছে। তাদের দৌরাত্ম্য বন্ধ করা না গেলে মাদক নির্মূল করা সম্ভব হবে না। রাজনৈতিক প্রভাবের কারণে পুলিশ কার্যকর ব্যবস্থা নিতে পারছে না বলেও অভিযোগ করেন তিনি।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না। গণমাধ্যম সংস্কার কমিশনের কোনো সুপারিশই বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পরাজয় হয়েছে। ছাত্র-জনতা জীবন দিয়ে ফ্যাসিবাদ উৎখাত করেছে। বর্তমানে দলটির কার্যকর তৎপরতা নেই বলেও মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলামের অভিযোগ, প্রতিবেশী দেশ বাংলাদেশকে চাপে রাখতে আওয়ামী লীগকে ব্যবহার করছে। দলটির পরাজয় হলেও তাদের সহযোগীরা এখনও রয়ে গেছে বলে দাবি করেন এনসিপির এই নেতা।
এনসিপির রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার নেতাকর্মীরা অংশ নেন। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, সহসাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিল। জেলা ও স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং ভবিষ্যৎ রাজনৈতিক ও নির্বাচনি কৌশল নির্ধারণের লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

