আইজিপির ক্ষমা চাওয়া উচিত: নাহিদ ইসলাম

ক্রসফায়ার নিয়ে বক্তব্য দেওয়ার জন্য পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী পৌর মিলনায়তনে পাঁচ জেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, আমরা চেয়েছিলাম, পুলিশের একটি শক্ত ও নিরপেক্ষ অবস্থান। কিন্তু পুলিশের আইজিপি ক্রসফায়ার নিয়ে কথা বলেছেন। সরকার অনুমতি দিলে ক্রসফায়ার দেবেন। কিন্তু শক্তিশালী অবস্থান মানে ক্রসফায়ার করা নয়। শক্তিশালী অবস্থান মানে আইন লঙ্ঘন করা কিংবা আইনবহির্ভূত কাজ করা নয়।
তিনি আরও বলেন, এ বক্তব্য নিয়ে সারা দেশে সমালোচনা হচ্ছে। আইজিপির বক্তব্য প্রত্যাখ্যান করা, ক্ষমা চাওয়া, ভুল স্বীকার করা এবং এ বিষয়ে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত ছিল। কিন্তু সে ধরনের কোনো পদক্ষেপ দেখা যায়নি।
সরকারের অবস্থান নিয়ে নাহিদ ইসলাম বলেন, বক্তব্যটি কতটা ভুল হলে সরকার নিজেই বিভ্রান্ত হয়, তা এ ঘটনা থেকে বোঝা যায়। স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন, এ ধরনের বক্তব্য দেওয়া অনুচিত হয়েছে। তবে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বিষয়টি যাচাই করা হচ্ছে বলে জানানো হয়েছে।
তিনি বলেন, আমরা চাই না, পুলিশের প্রতি মানুষের মধ্যে আবার নেতিবাচক ধারণা তৈরি হোক। পুলিশের বলা উচিত, তাদের ওপর যেন সরকার কিংবা জেলা পর্যায় থেকে কোনো দলীয় চাপ না আসে।
এদিন এনসিপির রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে পাঁচ জেলার নেতাকর্মীদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে রাজবাড়ী ছাড়াও ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নেতাকর্মীরা অংশ নেন।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিল।
আয়োজকেরা জানান, জেলা ও স্থানীয় পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং আগামী দিনের রাজনৈতিক ও নির্বাচনী কৌশল নির্ধারণের লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।


