নিয়ন্ত্রণ হারিয়ে লাশবাহী অ্যাম্বুলেন্স খালে

ভোলার বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে লাশবাহী একটি অ্যাম্বুলেন্স সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে অ্যাম্বুলেন্সে থাকা মরদেহের স্বজন ও এক পুলিশ সদস্য আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়মানিকা ইউনিয়নের কেরামতগঞ্জ বাজারসংলগ্ন ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে লালমোহন উপজেলার রায়চাঁদ ইউনিয়নের বাসিন্দা আয়েশা বেগম (৫০) বিষপানে মারা যান। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করে। মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সটি ভোলার উদ্দেশে রওনা হয়ে বোরহানউদ্দিনের কেরামতগঞ্জ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়।
এ সময় অ্যাম্বুলেন্সে থাকা মরদেহের স্বজন ও এক পুলিশ সদস্য পানিতে পড়ে আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে হাত লাগান। পরে বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুলেন্সে থাকা মরদেহ ও আহতদের উদ্ধার করে।
নিহত আয়েশা বেগম লালমোহনের রায়চাঁদ ইউনিয়নের সালাউদ্দিনের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী ছিলেন।
নিহতের বড় মেয়ে জানান, সকালে গ্যাস্ট্রিকের ওষুধ মনে করে ভুলবশত তার মা ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলেন। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বোরহানউদ্দিন ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত লিডার খোরশেদ আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে অ্যাম্বুলেন্সে থাকা মরদেহ ও স্বজনদের উদ্ধার করে। দুর্ঘটনায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


