চাঁদপুরে পচা ইলিশ বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুরের বড় স্টেশন মাছ বাজারে পচা ইলিশ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে দুই ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে মূল্যতালিকা না থাকায় দুটি হোটেলকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এতে মোট চার প্রতিষ্ঠানকে সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে বড় স্টেশন মাছ বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে নষ্ট ও পচা ইলিশ মাছ সংরক্ষণ করার অপরাধে আমীর হোসেনকে ৩ হাজার টাকা এবং সেলিম হাওলাদারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্যতালিকা না থাকায় ‘খাওয়া দাওয়া হোটেল’কে ২ হাজার টাকা এবং ‘আরফান হোটেল’কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান এই জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে পরিশোধ করে। পরবর্তীতে জব্দকৃত পচা ও নষ্ট ইলিশ মাছগুলো বিনষ্ট করা হয়।
অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান জানান, জনস্বার্থে ও ভোক্তা-অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


