logo

শান্ত পিরোজপুরকে অশান্ত করতে দেব না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

শান্ত পিরোজপুরকে অশান্ত করতে দেব না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী
ভাণ্ডারিয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। ছবি : এশিয়া পোস্ট

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় ঘুমন্ত অবস্থায় এক বাসের হেলপার নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি বলেছেন, শান্ত পিরোজপুরকে অশান্ত করতে দেব না। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ভাণ্ডারিয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Advertisement

প্রতিমন্ত্রী বলেন, বাসে অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। একটি মানুষের প্রাণহানি কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। ভাণ্ডারিয়া একটি শান্তিপূর্ণ জনপদ। এ জনপদের শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করার কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। সহিংসতা, অগ্নিসংযোগ ও সন্ত্রাসের মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে দেওয়া হবে না। এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সবাইকে সহযোগিতা করতে হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্টরা আবারও আগুন ও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা নিজেদের সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণ করেছে।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপি অতীতেও আইন নিজের হাতে তুলে নেয়নি, এখনও নেবে না। কোনো অপরাধ সংঘটিত হলে আইন ও প্রশাসনের মাধ্যমে তার বিচার নিশ্চিত করতে হবে। প্রতিশোধ কিংবা পাল্টা সহিংসতার পথে না গিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে।

ভাণ্ডারিয়ার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সীমাহীন দুর্নীতির কারণে এলাকার বিভিন্ন উন্নয়নকাজ বন্ধ হয়ে রয়েছে। এসব কাজ দ্রুত পুনরায় শুরু করার উদ্যোগ নেওয়া হবে। খুব শিগগিরই বন্ধ থাকা প্রকল্পগুলোর কাজ চালু হবে বলে তিনি আশ্বাস দেন। উন্নয়নকাজগুলো যথাসময়ে সম্পন্ন করা সম্ভব হলে এতদিনে ভাণ্ডারিয়ার চেহারা পাল্টে যেত। উন্নয়নকাজের বাধা দূর করে এলাকার অবকাঠামোগত উন্নয়ন এগিয়ে নেওয়া হবে।

শিক্ষার মানোন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ভাণ্ডারিয়ার শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষার পরিবেশ, পাঠদানের মান ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একটি শিক্ষিত ও সচেতন সমাজ গঠনে শিক্ষক, অভিভাবক, প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সত্য, বস্তুনিষ্ঠতা ও পেশাগত সততা বজায় রাখতে হবে। বিক্রি হওয়া সাংবাদিকতা চলবে না। সাংবাদিকতার গুণগত মান বজায় রাখতে হবে। সংবাদকে ব্যক্তিগত স্বার্থ কিংবা অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়। ভুয়া পত্রিকা ও সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে অপতৎপরতা চালানোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ভাণ্ডারিয়া প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুল ইসলাম মিলনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান, ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বিপ্লব, সাবেক চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. শামীম হাওদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম রিয়াজ মাহমুদ মিঠু এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।